মুম্বইয়ে সফরের সময় লিওনেল মেসির হাতে ১১ কোটির বিলাসবহুল ঘড়ি তুলে দেন অনন্ত আম্বানি। রিচার্ড মিলের পাশাপাশি মেসির কবজিতে ঝলমল করেছে নজরকাড়া ‘বার্বি’ রোলেক্সও। আর কী আছে তাঁর কালেকশনে?

মেসির হাতে অনন্তের উপহার দেওয়া বিরল ঘড়ি
শেষ আপডেট: 17 December 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর এমনিতেই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু বনতারায় (Vantara) গিয়ে অনন্ত আম্বানির (Anant Ambani) কাছ থেকে যে উপহার পেলেন বিশ্বফুটবলের মহাতারকা, তা এই সফরকে নিয়ে গেল অন্য মাত্রায়। একেবারে বিরল, প্রায় কিংবদন্তি স্তরের একটি ঘড়ি-রিচার্ড মিল RM 003-V2 GMT টুরবিয়োঁ ‘এশিয়া এডিশন’। বাজারদর প্রায় ১০ কোটি ৯০ লক্ষ টাকা। ঘড়ির দুনিয়ায় এই উপহার এখন রীতিমতো শোরগোল।
অনন্ত আম্বানির উপহার: বিশ্বের ১২টির 'একটা' মেসির হাতে
বনতারায় পৌঁছনোর সময় মেসির হাতে কোনও ঘড়ি ছিল না। কিন্তু সফর শেষ হওয়ার আগে তাঁর কবজিতে দেখা যায় কালো কার্বন কেসের একটি রিচার্ড মিল। সেটাই RM 003-V2 ‘Asia Edition’। বিশ্বজুড়ে মাত্র ১২টি তৈরি হয়েছিল এই মডেল। এর মধ্যে একটি এখন মেসির সংগ্রহে। স্কেলেটোন ডায়াল, টুরবিয়োঁ মেকানিজ়ম আরGMT ফাংশন—সব মিলিয়ে ঘড়িটি রিচার্ড মিলের প্রাথমিক যুগের সবচেয়ে আইকনিক ডিজ়াইনগুলোর একটি। ঘড়িপ্রেমীদের মতে, এটি শুধু বিলাসবহুল নয়, বরং ‘অ্যাক্সেস’ আর ‘রেয়ারিটি’-র প্রতীক।
পারফরম্যান্স আর প্রযুক্তির মিলন
রিচার্ড মিল ঘড়ির দর্শন বরাবরই পারফরম্যান্স-কেন্দ্রিক। হালকা অথচ অত্যন্ত জটিল মেকানিক্স—ঠিক যেমন মেসির ফুটবল। কালো কার্বন কেস, খোলা ডায়াল—সবকিছুতেই প্রযুক্তির প্রদর্শন। অনন্ত আম্বানির এই উপহার নিছক সৌজন্য নয়, বরং প্রতীকী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একজন বিশ্বসেরা অ্যাথলিটকে এমন ঘড়ি উপহার মানে, দু’টি ‘এলিট ওয়ার্ল্ড’-এর মিলন।
রোলেক্স ডেটোনা ‘লে মানস’: সংগ্রহের আইকন
মেসির ঘড়ির সংগ্রহে দীর্ঘদিন ধরেই রয়েছে রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা ‘লে মানস’ (Rolex Cosmograph Daytona “Le Mans”)। ১৮ ক্যারেট ইয়েলো গোল্ডের এই ঘড়িটি ২৪ আওয়ার্স অফ লে মানস রেসের ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি। কালো ডায়াল, সাদা ‘পল নিউম্যান’ সাব-ডায়াল, আর বেজ়েলে লাল রঙে লেখা ‘১০০’—এই ডেটোনাকে আধুনিক যুগের সবচেয়ে সংগ্রহযোগ্য রোলেক্সগুলোর মধ্যে রেখেছে।
‘বার্বি’ ডেটোনা: গোলাপি রঙের বিরল বিস্ময়
২০২৫ সালে মেসির সংগ্রহে যোগ হয় আরও এক চমক—‘বার্বি’ রোলেক্স ডেটোনা। গোলাপি টোনের এই ঘড়িটি রোলেক্সের অফিসিয়াল ক্যাটালগেই নেই। মাত্র ১০টি তৈরি হয়েছিল, একেবারে ব্র্যান্ডের সবচেয়ে এলিট ক্লায়েন্টদের জন্য। খেলাচ্ছলে নাম হলেও, বাস্তবে এটি ঘড়ির জগতে একেবারে অলীক বস্তু। মেসির হাতে এই ঘড়ি দেখা মানেই বোঝা যায়, তিনি কেবল ঘড়ি কেনেন না—তিনি বাছাই করেন ইতিহাস।
পাটেক ফিলিপ: ক্লাস আর জটিলতার চূড়ান্ত রূপ
মেসির সংগ্রহে রয়েছে পাটেক ফিলিপ ওয়ার্ল্ড টাইম মিনিট রিপিটার (Patek Philippe World Time Minute Repeater)। হোয়াইট গোল্ড কেস, এনামেল ডায়ালে লেক জেনেভার স্টিমবোট—ঘড়ির ভেতরে ক্যালিবার R 27 HU। একদিকে ওয়ার্ল্ড টাইম, অন্যদিকে মিনিট রিপিটার—ঘড়িপ্রেমীদের কাছে এটি একেবারে কনোসিয়র-লেভেলের পিস।
এ ছাড়াও রয়েছে পাটেক ফিলিপ নটিলাস ৫৭১১/১১১পি-০০১—প্ল্যাটিনামের কেস, নীল স্যাফায়ার বসানো বেজ়েল, আর ছ’টার জায়গায় ছোট্ট হীরার চিহ্ন। বোঝানোর জন্য যথেষ্ট—এটি সাধারণ নটিলাস নয়।
মেসির সময়ের গল্প
বনতারায় পাওয়া রিচার্ড মিল যোগ হওয়ার পর মেসির ঘড়ির সংগ্রহ আরও এক ধাপ এগোল। রোলেক্স, অডেমার্স পিগে, পাটেক ফিলিপ থেকে রিচার্ড মিল—প্রতিটি ঘড়িই আলাদা গল্প বলে। মাঠে যেমন তিনি সময়কে নিজের পক্ষে ঘোরান, তেমনই কবজিতেও সময়কে রাখেন সেরা, বিরল আর সবচেয়ে অর্থবহ রূপে।