জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'দ্য কেরালা স্টোরি'-র স্বীকৃতি মেলার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

'দ্য কেরালা স্টোরি'
শেষ আপডেট: 13 August 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'দ্য কেরালা স্টোরি'-র স্বীকৃতি মেলার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই এটিকে প্রোপাগান্ডা ফিল্ম বলে আখ্যা দিয়ে দাবি করেছেন, এমন ছবি কোনওভাবেই জাতীয় পুরস্কারের যোগ্য নয়।
তবে সম্প্রতি 'হিন্দুস্তান টাইমস'-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী আদা শর্মা এই সমালোচনার সরাসরি জবাব দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, 'দ্য কেরালা স্টোরি' মোটেই রাজনৈতিক সিনেমা নয়।
আদার ভাষায়, “প্রত্যেকের নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আমার মতে এই ছবি না বানানোই হতো লজ্জাজনক। আমি ব্যক্তিগতভাবে ২৫ জন মেয়ের সঙ্গে কথা বলেছি, যারা বাস্তবে এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। সিনেমায় যা দেখানো হয়েছে, তা তাদের কাহিনির খুব সামান্য অংশ।”
'দ্য কেরালা স্টোরি' মুক্তির পর সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ছবিটি যুবতী মহিলাদের পাচার করে চরমপন্থী সংগঠনে যোগ দিতে বাধ্য করার অভিযোগের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। এই ছবিতে আদা অভিনয় করেছেন এমন এক ভুক্তভোগীর চরিত্রে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “যদি সত্যি বলা লজ্জাজনক হয়, তবে আমি নির্লজ্জ হতে রাজি। আমি নির্দ্বিধায় বলি, আমি সন্ত্রাসবিরোধী।”