বলিউডের ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী শেফালি জরিওয়ালা প্রয়াত। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

শেফালি জরিওয়ালা
শেষ আপডেট: 28 June 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী শেফালি জরিওয়ালা প্রয়াত। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ২০০২ সালে মুক্তি পাওয়া রিমিক্স গানের সেই ঝলমলে উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। শুধু মিউজিক ভিডিওতেই নয়, রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘরেও দেখা গিয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। শেফালির প্রথম বিয়ে হয় গায়ক হরমিত সিংয়ের সঙ্গে, তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি, যাঁর সঙ্গে চার বছরের প্রেমের পর ২০১৪ সালে বিয়ে করেন।
পরাগের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এক ডিনার পার্টিতে। শেফালি নিজেই বলেছিলেন, প্রথম দেখাতেই তাঁর প্রতি মুগ্ধ হয়ে পড়েন পরাগ। আর ধীরে ধীরে, সময়ের সঙ্গে গড়ে উঠেছিল এক গভীর টান। প্রায় চার বছর প্রেমের পর ২০১৪ সালের অগস্ট মাসে তাঁরা বিয়ে করেন। জীবন যেন আবার নতুন করে রং পেতে শুরু করেছিল।
কে এই পরাগ ত্যাগী?
ইনি গাজিয়াবাদের ছেলে, টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেন ‘পবিত্র রিশতা’-তে ‘বিনোদ করঞ্জকর’-এর চরিত্র দিয়ে। পরে ‘ব্রহ্মরাক্ষস’-এ খলনায়কের ভূমিকায় তাঁর অভিনয় নজর কাড়ে। ‘নাচ বালিয়ে’ সিজন ৫ ও ৭-এ শেফালির সঙ্গে যুগল হিসেবে অংশগ্রহণ করে দর্শকের ভালোবাসাও কুড়িয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন—তিনি কখনও ভাবেননি আবার কাউকে ভালবাসতে পারবেন। কিন্তু পরাগের সরলতা, সাপোর্ট, আর ভালবাসায় ধীরে ধীরে নিজেকে ফিরে পেয়েছিলেন তিনি। সেই ভালবাসা যেন জীবনের ঘাত-প্রতিঘাতে তাঁর সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিল।
আজ যখন ‘কাঁটা লাগা’র তুমুল জনপ্রিয়তার স্মৃতি ঘেঁটে দেখি, মনে হয়, শেফালি শুধুই একটি মিউজিক ভিডিওর গ্ল্যামার গার্ল ছিলেন না। তিনি ছিলেন এক সংগ্রামী নারী, যিনি প্রেমে ভেঙেছেন, গড়ে তুলেছেন নতুন করে, এবং বারবার প্রমাণ করেছেন—একটা জীবন একাধিক অধ্যায়ে লেখা যায়। শুধু সেই বইয়ের পাতা যেন একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল।