ফের সন্তানের আগমন ইলিয়ানা ডি’ক্রুজ ও মাইকেল ডোলানের পরিবারে। দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী। ১৯ জুন তাঁদের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান।

ইলিয়ানা ডি’ক্রুজ
শেষ আপডেট: 28 June 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: ফের সন্তানের আগমন ইলিয়ানা ডি’ক্রুজ ও মাইকেল ডোলানের পরিবারে। দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী। ১৯ জুন তাঁদের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। এক সপ্তাহ পর, শনিবার, সদ্যোজাতের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে ছেলের নাম প্রকাশ্যে আনেন ইলিয়ানা।
ইনস্টাগ্রামে সন্তানের একটি ছবি শেয়ার করে ইলিয়ানা লেখেন, “কিয়েনু রেফ ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” পাশাপাশি জানান, তিনি ও মাইকেল দুইজনেই সন্তানকে পেয়ে অত্যন্ত খুশি। পোস্টে দেখা যায়, সদ্যোজাত সন্তান মাথায় টুপি পরে, শরীরে তোয়ালে জড়ানো অবস্থায় পাশ ফিরে শুয়ে রয়েছে। ঘুমন্ত শিশুর সেই মিষ্টি ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা সহ বলিউডের বহু পরিচিত মুখ। তালিকায় রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস, অভিনেতা আরশাদ ওয়ারসি এবং তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেট্টি প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথমবার মা হয়েছিলেন ইলিয়ানা। সে বারও পুত্রসন্তানের জন্ম দেন তিনি। দ্বিতীয় সন্তান জন্মের পর ফের একবার মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।