তিন বছরের বিরতির পর বড়পর্দায় ফিরলেন কাজল। প্রত্যাবর্তন ঘটেছে একেবারে ভিন্ন ঘরানার ছবিতে—'মা'। বিশাল ফুরিয়া পরিচালিত এই পৌরাণিক হরর থ্রিলারে এক মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

'মা'
শেষ আপডেট: 28 June 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: তিন বছরের বিরতির পর বড়পর্দায় ফিরলেন কাজল। প্রত্যাবর্তন ঘটেছে একেবারে ভিন্ন ঘরানার ছবিতে—'মা'। বিশাল ফুরিয়া পরিচালিত এই পৌরাণিক হরর থ্রিলারে এক মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মুক্তির প্রথম দিনেই ছবিটি ঘরে তুলেছে সম্মানজনক অঙ্ক। স্যাকনিলকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ‘মা’ মুক্তির দিনে আয় করেছে প্রায় ৪.১৫ কোটি টাকা। বলিউডে এখনও খুব একটা প্রতিষ্ঠিত নয় এমন ঘরানার ছবির জন্য এই অঙ্ক যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ছবিটির মোট হিন্দি দর্শক উপস্থিতির হার ছিল ১৬.৪৯ শতাংশ। সকালবেলার শো-গুলি শুরুতে খানিকটা ধীরগতির ছিল (৮.২৩ শতাংশ), তবে দুপুর গড়াতেই তা পৌঁছে যায় ২০.০৮ শতাংশে। সন্ধ্যাবেলায় সংখ্যাটা আরও বেড়ে দাঁড়ায় ২১.১৬ শতাংশে।
ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আগেই ছবি রিভিউতে বলা হয়েছে, “ছবির কনসেপ্ট ও গল্পে ওজন রয়েছে, কিন্তু গল্প বলার ভঙ্গিমায় খামতি থেকেই গেছে। ছবিতে একাধিক স্টেরিওটাইপ আছে, যা না থাকলেই ভাল হতো। যেমন, প্রাসাদে প্রায় ৩০ ফুট উঁচু কালীমার পাথরের মূর্তি কিংবা চন্দ্রপুরের মানুষদের বাংলা টানযুক্ত হিন্দি—এসবই একঘেয়ে ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। রনিত রায়ের চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও, তাঁর সংলাপে অতিরিক্ত বাংলা টান অনেককেই বিরক্ত করেছে। অনেকেই বলবেন, বাংলার মানুষ হিন্দি বললে এমন উচ্চারণ করেন না।”
ছবিতে 'অম্বিকা' নামের এক সাহসী মায়ের চরিত্রে অভিনয় করেছেন কাজল, যিনি তাঁর মেয়েকে অতিপ্রাকৃত অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে কিছুতেই পিছপা হন না। পৌরাণিক কাহিনি আর হরর-রহস্য মিলিয়ে ছবিটি কাজলের কেরিয়ারে প্রথম হররধর্মী প্রোজেক্ট। তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, যতীনগুলাটি ও খেরিন শর্মা। ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগণ ও জ্যোতি সুব্বারায়ণ।