ভিকি কৌশল জানালেন, স্ত্রী ক্যাটরিনা কাইফ তাঁর অভিনয় নিয়ে যতটা অকপট মন্তব্য করেন, তিনিও ততটাই তা প্রশংসা করেন।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
শেষ আপডেট: 29 June 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: ভিকি কৌশল জানালেন, স্ত্রী ক্যাটরিনা কাইফ তাঁর অভিনয় নিয়ে যতটা অকপট মন্তব্য করেন, তিনিও ততটাই তা প্রশংসা করেন। তবে, তিনি নিজে যখন ক্যাটরিনার পারফরম্যান্স নিয়ে মতামত দেন, তখন পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে যায়! সম্প্রতি এক আলোচনাসভায় করিনা কাপুর খানের সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় এমনই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ভিকি।
ভিকি বলেন, “ক্যাট খুব সৎ মানুষ। যেটা ভাল, সেটা বলে, যেটা ভাল হয়নি, সেটাও জানায়। ও কখনও বলেনি, ‘ওয়াহ ওয়াহ, কী দারুণ!’— বরং বলেছে, ‘এই জায়গায় আরও ভালো করা যেত।’ এই স্পষ্ট মতামত আমি সত্যিই পছন্দ করি।” তবে অভিনেতা এটাও স্বীকার করেন, “অনেক সময় ক্যাট একটু নরম হয়, কারণ জানে আমি কতটা সময়, শ্রম দিয়েছি কোনও চরিত্রে।”
তবে ক্যাটরিনা নিজের কাজের বিষয়ে কি ভিকির এমন স্পষ্ট মন্তব্য সহজে নিতে পারেন? ভিকির কথায় হাসির রোল পড়ে যায়। করিনা মজা করে বলেন, “ইস্, যদি সইফও এমন খোলামেলা মন্তব্য নিতে পারত!” সঙ্গে সঙ্গে ভিকির সংযোজন, “ওই তো, ক্যাটও নিতে পারে না। প্রথমে তো উৎসাহ দেওয়া উচিত!”
এই স্বীকারোক্তির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুরু করেছেন চুটিয়ে মজা। কেউ লিখেছেন, “তুমি যদি দিতে পারো, তবে নিতে শেখো!” আবার কেউ মন্তব্য করেছেন, “ক্যাট সেই বন্ধু যে সবাইকে রোস্ট করে, কিন্তু নিজেকে কেউ কিছু বললে মুখ ফুলিয়ে বসে।”
উল্লেখ্য, ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছে লক্ষ্মণ উটেকরের ছবি 'ছাভা'-তে, যা ৮০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ২০২৪-এর থ্রিলার 'মেরি ক্রিসমাস'-এ, যেখানে তাঁর বিপরীতে ছিলেন বিজয় সেতুপতি।