বলিউডে কঠিন স্ট্রাগল, ভাড়া দেওয়ার টাকাও থাকত না—কার্তিক আরিয়ান জানালেন সেই দিনগুলোর কথা।

কার্তিক আরিয়ান
শেষ আপডেট: 22 November 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: আজ ২২ নভেম্বর, শনিবার ৩৫তম জন্মদিন অভিনেতা কার্তিক আরিয়ান-এর। বলিউডে কোনও গডফাদার ছাড়া একেবারে বাইরে থেকে এসেও তিনি আজ শীর্ষস্থানীয় অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক মুম্বইয়ে তাঁর প্রথম দিকের স্ট্রাগল-এর দিনগুলো এবং সেই সময়কার ভাড়ার বাড়িটি কিনে নেওয়ার গল্প শোনালেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান জানান, মুম্বইতে পা রাখার পর তাঁকে তীব্র অর্থকষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বলেন, "আমি এমন একটি বাড়িতে চলে গিয়েছিলাম, যেখানে আমি একা থাকতাম। তবে আমি তখন অনেক লড়াই করছিলাম। আমার কাছে খুব বেশি টাকা আসত না, এবং আমার সিনেমাগুলিও সেভাবে চলছিল না।"
তাঁর প্রথম ছবি 'প্যায়ার কা পঞ্চনামা' কিছুটা চললেও, পরবর্তী ছবিগুলি—যেমন 'আকাশ বাণী', 'কাঞ্চি', 'গেস্ট অফ লন্ডন' বক্স অফিসে ব্যর্থ হয়। তিনি বলেন, "লোক তো এই সিনেমাগুলোর নামও জানে না, কারণ চলেইনি!"
অর্থকষ্টের তীব্রতা বোঝাতে গিয়ে কার্তিক বলেন, "বাড়ি ভাড়া চোকানোর মতো ক্ষমতাও আমার ছিল না। ভেবেছিলাম মাথার উপরের ছাদটাও না চলে যায়! একেকসময় ভাবতাম ভাড়া ভাগ করে নেওয়ার জন্য রুমমেট নিয়ে আসি।"
সেই সময় তিনি মাসে মাত্র ২,০০০ টাকা ভাড়া দিতেন, যা একসময় বেড়ে ৪,০০০ টাকা হয়েছিল। ঠিক যখন তিনি চরম অর্থকষ্টে ভুগছেন, তখনই মুক্তি পায় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি 'সোনু কে টিটু কি সুইটি'। ছবিটি বড় হিট হয় এবং তাঁর ভাগ্য খুলে যায়।
এরপর এই 'চান্দু চ্যাম্পিয়ন' তারকা জানান যে, জীবনের একপর্যায়ে তিনি তাঁর অতীতের সেই ভাড়ার বাড়িটিই কিনে নেন। নিজের সংগ্রাম ও সাফল্যের এই প্রতীকী পদক্ষেপটি কার্তিক আরিয়ান তাঁর মাকে উৎসর্গ করেন, যা তাঁকে অপরিসীম গর্বের অনুভূতি দিয়েছিল।
গত বছর কার্তিক আরিয়ানকে 'ভুলাইয়া ৩'-এ দেখা গিয়েছিল, যা বক্স অফিসে হিট হয়। এছাড়া ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলীকান্ত পেটকরের বায়োপিক 'চান্দু চ্যাম্পিয়ন'-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তাঁকে এরপর অনন্যা পাণ্ডের সঙ্গে 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি'-তে দেখা যাবে (২৫ ডিসেম্বর মুক্তি)। তাঁর অন্যান্য ছবির মধ্যে রয়েছে 'নাগজিলা' (১৪ আগস্ট, ২০২৬) এবং দক্ষিণী তারকা শ্রীলীলার সঙ্গে 'তু মেরি জিন্দেগি হ্যায়' (মে, ২০২৬)।