৩০,০০০ কোটি টাকার সম্পত্তি ঘিরে সঞ্জয় কাপুরের পরিবারের মধ্যে জারি রয়েছে উত্তপ্ত বিবাদ। এর মধ্যেই ফের শিরোনামে করিশ্মা কাপুর।

করিশ্মা কাপুর
শেষ আপডেট: 31 July 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি ঘিরে সঞ্জয় কাপুরের পরিবারের মধ্যে জারি রয়েছে উত্তপ্ত বিবাদ। এর মধ্যেই ফের শিরোনামে করিশ্মা কাপুর। সম্প্রতি দিল্লি বিমানবন্দরে দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিয়ে হাজির হন অভিনেত্রী। তাঁদের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে করিশ্মাকে দেখা যায় ওভারসাইজড সাদা শার্ট ও জিন্স পরে দ্রুত এগিয়ে যেতে। তাঁর পেছনে হাঁটছিলেন কিয়ান ও সামাইরা। বিমানবন্দর থেকে নেমে খুব দ্রুত নিজের গাড়িতে ওঠেন তিনি। অনেকে মনে করছেন, তিনি নিজেকে চিনে ফেলার ভয়েই মুখ লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন।
এই সফরের পেছনে কী কারণ রয়েছে, তা যদিও প্রকাশ্যে আনেননি করিশ্মা। তবে সময়টা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই।
১২ জুন, ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। জানা গিয়েছে, ম্যাচ খেলার সময় অসাবধানতাবশত একটি মৌমাছি গিলে ফেলেছিলেন তিনি। সঙ্গেই উপস্থিত ছিলেন বন্ধু ও ব্যবসায়ী সুহেল শেঠ। সঞ্জয়ের কোম্পানি সোনা কমস্টার-এর পক্ষ থেকেও মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে এই মৃত্যু ঘিরে প্রশ্ন তুলেছেন সঞ্জয়ের মা রানি কাপুর। তিনি তাঁর ছেলের মৃত্যুকে ‘অত্যন্ত সন্দেহজনক’ বলে উল্লেখ করেছেন। এর পাশাপাশি, ৩০ জুন ২০১৫ সালের একটি উইলের ভিত্তিতে তিনি দাবি করেছেন, তিনি তাঁর প্রয়াত স্বামী সুরিন্দর কাপুরের যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। সেই উইল অনুসারে তিনিই এখন সোনা গ্রুপের সর্বোচ্চ শেয়ারহোল্ডার, যার অন্তর্ভুক্ত রয়েছে একটি অটো কম্পোনেন্ট ফার্মও।
অন্যদিকে, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সাচদেবও সম্পত্তি সংক্রান্ত দাবিতে আইনি পথে হাঁটছেন। ফলে এই সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দিন দিন ঘনীভূত হচ্ছে।
সঞ্জয় কাপুরের জীবনে ছিল তিনটি বিয়ে। প্রথমে ১৯৯৬ সালে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে বিয়ে করেন, যা টেকে মাত্র চার বছর। দ্বিতীয় বিয়ে হয় ২০০৩ সালে অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে। তাঁদের দুই সন্তান—সামাইরা (১৯) এবং কিয়ান (১৩)। ২০১৬ সালে বিচ্ছেদ হয় এই জুটির। তৃতীয় বিয়ে হয় ২০১৭ সালে মডেল ও ব্যবসায়ী প্রিয়া সাচদেবের সঙ্গে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে—আজারিয়াস।
বর্তমানে করিশ্মা তাঁর সন্তানদের সঙ্গে থাকেন এবং সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে করিশ্মার এই দিল্লি সফর কি শুধুই পারিবারিক, নাকি আইনি দিক নিয়েও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে—তা নিয়েই এখন চলছে জল্পনা।