‘ওয়ার’-এ হৃতিক রোশনের হেলিকপ্টার থেকে নামার দৃশ্যে আসলেই ছিল না কোনও হেলিকপ্টার! জানালেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

‘ওয়ার’
শেষ আপডেট: 31 July 2025 11:06
দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার ‘ওয়ার’ ছিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার। হৃতিক রোশন ও টাইগার শ্রফের জুটিতে ভর করে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। দর্শকদের মুগ্ধ করে অ্যাকশন দৃশ্য, ক্যামেরার কাজ এবং চরিত্রদের শক্তিশালী উপস্থিতি। তবে ‘ওয়ার’-এর এক বিশেষ দৃশ্য ঘিরে সম্প্রতি সামনে এল চমকপ্রদ তথ্য—যা শুনলে অবাক হবেন অনেকেই!
ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত হল হৃতিক রোশনের চরিত্র মেজর কবীরের এন্ট্রি সিন। এক হেলিকপ্টার থেমে যায়, আর তার ভিতর থেকে ধীরে ধীরে নামেন হৃতিক। তারপর দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যান টাইগার শ্রফের দিকে। কিন্তু জানেন কি? এই দৃশ্যটা যেভাবে আমরা পর্দায় দেখেছি, বাস্তবে আদৌ তেমন কিছু ছিল না!
সম্প্রতি ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে জানান, এই এন্ট্রি সিনটিই প্রথম দেখানো হলেও, শ্যুট হয়েছিল ছবির একেবারে শেষে। চমকপ্রদ বিষয় হল, যেই হেলিকপ্টারটিকে আমরা পর্দায় দেখি, সেটা আদতে ছিল না—না সেটে, না আকাশে! হৃতিক নেমেছিলেন একটি কাঠের ফ্রেম থেকে, যা পরে কম্পিউটার গ্রাফিক্স বা VFX-এর সাহায্যে হেলিকপ্টারের চেহারা পেয়েছিল।
সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘‘শ্যুটিংয়ের সময় সেই জায়গায় কোনও হেলিকপ্টার ছিল না। শুধুই ছিল একটা কাঠামো। CGI-এর জাদুতে আমরা পরে সেটাকে হেলিকপ্টার বানিয়ে দিই। আর মজার ব্যাপার, এই দৃশ্যটার ধারণা আমার মাথায় আসে শ্যুটিংয়ের একেবারে শেষে।’’
তিনি জানান, প্যাক আপ হয়ে যাওয়ার পর, আচমকাই পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাচ্ছে দেখে তাঁর মাথায় আসে এই ভিজ্যুয়ালের ভাবনা। ‘‘সবুজ পর্দা (গ্রিন স্ক্রিন) নিয়ে দৌড়ে গেলাম। ক্যামেরা হাতে হৃতিককে বললাম—‘চলো, আরও একবার হাঁটার দৃশ্যটা করি। এবার শুধু সূর্যের দিকে তাকাবে।’’’ সেই হঠাৎ পাওয়া মুহূর্তেই ক্যামেরায় বন্দি হয় ‘ওয়ার’-এর অন্যতম আইকনিক এন্ট্রি সিন।