নেটফ্লিক্স শোতে ‘বম্বে’ বলায় বিপাকে কপিল শর্মা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাবি— শহরের নাম বিকৃত করায় ক্ষমা চাইতেই হবে।

কপিল শর্মা
শেষ আপডেট: 12 September 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইকে ‘বম্বে’ বা ‘বাম্বাই’ বলে উল্লেখ করায় কড়া সমালোচনার মুখে পড়লেন কমেডিয়ান কপিল শর্মা। তাঁর জনপ্রিয় নেটফ্লিক্স শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর একটি এপিসোড থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) স্পষ্ট জানিয়ে দিয়েছে, শহরের পুরনো নাম ব্যবহার আর বরদাস্ত করা হবে না।
ঘটনার সূত্রপাত একটি ক্লিপ থেকে। সেখানে অতিথি ছিলেন শেট্টি বোন শিল্পা ও শমিতা, অভিনেত্রী হুমা কুরেশি এবং তাঁর ভাই সাকিব সালেম। কথোপকথনের মাঝেই হুমা ভাইয়ের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে শহরের নাম ‘বোম্বে’ বলে ফেলেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন এমএনএস মুখপাত্র আমেয় খোপকর। এক্স (পূর্বতন টুইটার)-এ ক্লিপটি শেয়ার করে তিনি লেখেন, মুম্বইয়ের নামকরণের তিন দশক পার হয়ে গেলেও এখনও বলিউডের নানা মঞ্চে পুরনো নাম উচ্চারিত হয়, যা শহর ও শহরবাসীর প্রতি অসম্মান।
খোপকর আরও মনে করিয়ে দেন, ১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ‘বোম্বে’ বদলে ‘মুম্বই’ নাম গ্রহণ করে। চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতার মতো শহরগুলির নাম পরিবর্তনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। তাই এবার থেকে কপিল শর্মা ও তাঁর টিমকে সতর্ক করে দেওয়া হচ্ছে— অতিথি হোক বা সঞ্চালক, সকলেরই মুম্বই নাম ব্যবহার করা বাধ্যতামূলক। নইলে এমএনএস পথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
#BombaytoMumbai
बॉम्बेचे मुंबई अधिकृत नामकरण होऊन ३० वर्षे झाली तरी अजूनही बॉलिवूड मधील कपिल शर्मा शो यात सेलिब्रिटी गेस्ट, दिल्लीस्थित राज्यसभा खासदार, शो अँकर आणि अनेक हिंदी चित्रपटात सर्रास बॉम्बे हा उल्लेख होत आहे. १९९५ महाराष्ट्र शासन व १९९६ मध्ये केंद्र शासनाची अधिकृत… pic.twitter.com/KKa7TazDJ0— Ameya Khopkar (@MNSAmeyaKhopkar) September 11, 2025
স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও কপিলকে সরাসরি আক্রমণ করেন খোপকর। বলেন, “আপনি মুম্বইকে কর্মভূমি বানিয়েছেন, এখানকার মানুষ আপনাকে ভালবাসে। তাই এই শহরকে অসম্মান করবেন না। যদি ভুলবশত ঘটে থাকে, দ্রুত সংশোধন করুন।”