চুপ থাকেননি কাঞ্চনও। দ্য ওয়ালকে অভিনেতা-বিধায়ক জানিয়েছেন প্রথমে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার পর উত্তরপাড়া থানাতেও সেই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।

কাঞ্চন -শ্রীময়ী
শেষ আপডেট: 19 September 2025 21:49
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক বরাবরই কটাক্ষের শিকার হয়ে এসেছেন। তাঁর ব্যক্তিগত জীবন, একাধিক বিয়ে, সন্তান-- এ সব নিয়ে আলোচনার শেষ নেই। তবে এবার যাবতীয় ট্রোলকে ছাপিয়ে গেল এক নেটিজেনের মন্তব্য। যেখানে কাঞ্চনের স্বর্গীয় মাকে টেনে এনে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন সেই মহিলা।
ঘটনাটি প্রথম সাধারণের নজরে আনেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। সামাজিক মাধ্যমে সেই মহিলার কুৎসিত কমেন্টটি শেয়ার করে শ্রীময়ী লেখেন, "আমি স্বাভাবিকভাবে কোনও বিষয়ে রি-অ্যাক্ট করিনা খুব বাড়াবাড়ি ছাড়া। অনেক মজাদার কমেন্ট আসে। আমরা হেসে উড়িয়ে দিই। কিন্তু ওই মহিলার এই কমেন্ট দেখে লিখতে বাধ্য হলাম।"
এখানেই শেষ নয়। সেই মহিলাকেও প্রত্যুত্তরে শ্রীময়ী লেখেন, "... আমার বরকে নিজের বেডরুমে চেয়েছিলেন নাকি? আমার বর আপনাকে অনুমতি দেয়নি। তাই এত জ্বালা।"
চুপ থাকেননি কাঞ্চনও। দ্য ওয়ালকে অভিনেতা-বিধায়ক জানিয়েছেন প্রথমে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার পর উত্তরপাড়া থানাতেও সেই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। তিনি বলেন, "মৃত মাকে টেনে নিয়ে এই রকম মন্তব্য মেনে নেওয়া যায় না।" যদিও এখনও পর্যন্ত সেই মহিলাকে গ্রেফতার করা হয়নি। তবে কাঞ্চন আশাবাদী।
প্রসঙ্গত, এই পুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'রক্তবীজ ২'। সেই ছবিতে উল্লেখযোগ্য এক ভূমিকায় দেখা যাবে কাঞ্চনকে। দিন কয়েক আগে নিজের ভোল বদলে ফেলেছেন অভিনেতা। চেহারায় এনেছেন আমূল পরিবর্তন। যা দেখে তাজ্জব সকলে। অবাক খোদ শ্রীময়ীও।