ঠিক কী ঘটেছে শ্রীময়ীকে ঘিরে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক পোস্ট করে জানিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন জানিয়েছেন মাস প্রতি মোটা মাইনে পাওয়া বিধায়ক পত্নী শ্রীময়ী।

শেষ আপডেট: 6 November 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: দিন তিনেক ধরেই লক্ষ্মীর ভাণ্ডার বিতর্কে জর্জরিত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এক পোস্ট ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি যদিও বলছেন, 'যা করেছি বেশ করেছি', এরই মধ্যেই মল্লিক বাড়িতে খুশির হাওয়া। খানাপিনা থেকে হইচই, বাদ গেল না কিছুই। কী উপলক্ষে হঠাৎ বাড়িতে এত আয়োজন?
দু'দিন আগেই কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির এক বছরের জন্মদিন ছিল। সেই কারণেই, গতকাল অর্থাৎ বুধবার জন্মদিনের পার্টি দিয়েছিলেন বিধায়ক ও বিধায়ক পত্নী। হাজির হয়েছিলেন অনেকেই। আত্মীয়সজন থেকে চেনাপরিচিত মুখ, বাদ ছিলেন না কেউই। ডিজাইনার পোশাক পরে ছোট্ট কৃষভিকে কেক কাটতেও দেখা গিয়েছে। আপ্লুত কাঞ্চনও। মেয়ে নাকি হুবহু তাঁর মেয়ের মতো, এমনটাই দাবি করে আনন্দে চোখ ছলছলও হয়েছে অভিনেতা-বিধায়কের। যতই বিতর্ক চলুক না কেন, এ নিয়ে যে তাঁরা বিন্ধুমাত্র ভাবিত নন, অনুষ্ঠানের ঝলক ছড়িয়ে পড়তেই এমনটাই মনে করছেন সকলে।

ঠিক কী ঘটেছে শ্রীময়ীকে ঘিরে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক পোস্ট করে জানিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন জানিয়েছেন মাস প্রতি মোটা মাইনে পাওয়া বিধায়ক পত্নী শ্রীময়ী। লক্ষ্মী ভাণ্ডারে আবেদনের দাবিকে স্বীকার করে শ্রীময়ীও পাল্টা দাবি করেন, ২০১৮ সালে তিনি ওই সরকারি প্রকল্পের আবেদন করেছিলেন। সে সময় তিনি কাঞ্চনের স্ত্রী ছিলেন না, একই সঙ্গে তিনি জানতেনও না যে ভবিষ্যতে কাঞ্চন বিধায়ক হবেন।
এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক পোস্টও দেন শ্রীময়ী। তিনি লেখেন, "আমি লক্ষ্মীভাণ্ডার নিয়ে কোনও মিডিয়াকে উত্তর দেব না। তাই দয়া করে আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না। আমি অন্য কোনও দলের লোকেদের কথা শুনতে বাধ্য নই। আর কাউকে উত্তর দিতেও বাধ্য নই। যারা বলছেন ভুলভাল কথা তাঁদের অনেক সময় আছে। তাঁরাই উত্তর দিক। আমার সময় নেই এই নিয়ে কথা বলার, দয়া করে বিরক্ত করবেন না।"
যদিও আলোচনা থামছেই না। অতীতে কখনও হাসপাতালে চিকিৎসকক শাসানির অভিযোগ, আবার কখনও বা কন্যা জন্মানোর সময় ছয় লক্ষ টাকা বিল-- মাঝেমধ্যেই আলোচনায় থাকেন তাঁরা। ২৬ -এ নির্বাচন। এত বিতর্ক কি প্রভাব ফেলতে পারে সেখানেও? সময় দেবে উত্তর।
