বুধবার দুপুরে শুটিং ফ্লোরে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসে। মুহূর্তের মধ্যেই উদ্বেগ ছড়ায় ‘এরাও মানুষ’ ছবির সেটজুড়ে।

দিতিপ্রিয়া-জিতু।
শেষ আপডেট: 6 November 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে শুটিং ফ্লোরে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসে। মুহূর্তের মধ্যেই উদ্বেগ ছড়ায় ‘এরাও মানুষ’ ছবির সেটজুড়ে। সবাই মিলে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসাধীন অভিনেতা জিতু কমল।
এই খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল, গতকাল, ৫ নভেম্বর। আর তাতে সিলমোহর দিয়েছেন পরিচালক সাঁই প্রকাশ লাহিড়িও। তিনি জানান, হুগলির ধান্যকুড়িয়ায় ছবির শুটিং চলছিল তখন। হঠাৎই বুকে ব্যথা ও জ্বর—পরিস্থিতি দেখে আর দেরি না করে ইউনিট সদস্যরা দ্রুত তাঁকে কলকাতায় নিয়ে আসেন।
আসলে, এ বছরটা জিতু কমলের জীবনে যেন নতুন অধ্যায় লিখছিল। গত বছরের ব্যক্তিগত অস্থিরতা ও বিচ্ছেদের ধুলো মুছে ফের আলোর দিকে হাঁটা শুরু করেছিলেন অভিনেতা। একদিকে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর ‘আর্য’, অন্যদিকে বড়পর্দায় নতুন চরিত্রের চ্যালেঞ্জ—সব মিলিয়ে জিতুর পেশাগত সময়টা ছিল প্রখর ও ব্যস্ত। একটানা কাজ, পরিশ্রম, ক্লান্তিহীন ছুটে চলা—সম্ভবত সেই চাপই এই মুহূর্তে তাঁর শরীরকে ক্লান্ত করে দিয়েছে।
মাস কয়েক আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘গৃহপ্রবেশ’ ছবিতে দর্শক তাঁকে নতুন চোখে দেখেছেন।
সাদামাটা অথচ গভীর চরিত্রে তাঁর অভিনয় সকলকে চমকে দিয়েছিল। এখন সেই ছবি ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের সঙ্গে চলছে। জনপ্রিয়তা বাড়ছে, দর্শকের ভালোবাসা আকাশ ছুঁয়েছে—কিন্তু সেই ঝলকের মধ্যেই কোথাও কি নিজেকে একটু অবহেলা করে ফেলেছেন অভিনেতা?
তাঁর হঠাৎ অসুস্থতার খবর শুনে উদ্বেগে ভরে উঠেছে সহকর্মী থেকে অনুরাগীদের হৃদয়। বিশেষ করে সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও যেন শান্ত থাকতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে তিনি লিখেছেন—“প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আমার সহ-অভিনেতা সুস্থ হয়ে উঠুক।”
পর্দায় ‘অপর্ণা’ আর ‘আর্য’-র সম্পর্কের মতোই বাস্তবেও তাঁদের বোঝাপড়ার ওঠানামা হয়েছিল কিছুদিন আগে। তবে প্রযোজনা সংস্থার উদ্যোগে সেই দূরত্ব মিটে যায়, আর পর্দায় ফের জমে ওঠে তাঁদের রসায়ন। ধারাবাহিকও জিতে নেয় টিআরপি তালিকার শীর্ষস্থান।
কিন্তু এদিনের খবর যেন ফের একবার নাড়িয়ে দিল দিতিপ্রিয়াকে। সহ-অভিনেতার অসুস্থতার খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর। শুধু দিতিপ্রিয়া নয়, জিতুর অসংখ্য অনুরাগী—দুই বাংলার মানুষই এখন একটাই কামনা করছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ফেরেন আলোয়, ক্যামেরার সামনে।
জীবনের মঞ্চে আপাতত বিরতি। কিন্তু এই বিরতি হয়তো নতুন শুরুর জন্যই। যেভাবে চরিত্রের গভীরে ডুব দেন তিনি, তেমনই একাগ্রতায় এবার নিজের সুস্থতাকেও আলিঙ্গন করবেন—এই বিশ্বাসেই প্রার্থনা চলেছে অনুরাগীদের মনে। পর্দার নায়ক যেন খুব তাড়াতাড়ি ফিরতে পারেন জীবনের মঞ্চে, আবার হাসিমুখে দাঁড়াতে পারেন—লাইট, ক্যামেরা, অ্যাকশনে