দীর্ঘ বিরতির পর যখন আলো ঝলমলে সেটে ফিরে এসেছিলেন, তখন যেন নতুন করে প্রাণ পেয়েছিলেন তিনি। ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুণ্ডু—বাংলা টেলিভিশনের মিষ্টি মুখ, যিনি নিজের হাসিতে আলো ছড়িয়ে দেন দর্শকের হৃদয়ে

শেষ আপডেট: 6 November 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বিরতির পর যখন আলো ঝলমলে সেটে ফিরে এসেছিলেন, তখন যেন নতুন করে প্রাণ পেয়েছিলেন তিনি। ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুণ্ডু—বাংলা টেলিভিশনের মিষ্টি মুখ, যিনি নিজের হাসিতে আলো ছড়িয়ে দেন দর্শকের হৃদয়ে। কিন্তু ভাগ্য বোধহয় বারবার পরীক্ষা নিতে ভালোবাসে তাঁকে। সুস্থতার পথে হাঁটতে হাঁটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবরই জানালেন তিনি—ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন সৌমিতৃষা।
পোস্টে লিখলেন, “আমার ম্যালেরিয়া ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এবারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারব না।” এই একটিমাত্র বাক্যে যেন ফুটে উঠল তাঁর না-পারা, তাঁর কষ্ট। প্রতিবছর যে উৎসবের সাজে, আলোয়, উচ্ছ্বাসে মিশে থাকেন তিনি, সেখানে এবার অনুপস্থিত থাকবেন—এ কথা ভাবতেই যেন মন ভারাক্রান্ত হয়ে উঠল ভক্তদের।
তবু অসুস্থতার মাঝেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সৌমিতৃষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লিখেছেন, “প্রতিবছর এই অসাধারণ উদ্যোগের জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই দিদিকে। সিনেমার এই উৎসবকে তিনি বারবার এত বিশেষ করে তোলেন।”
বছরের পর বছর ধরে সৌমিতৃষা হয়ে উঠেছেন ছোটপর্দার অন্যতম প্রিয় মুখ। ‘মিঠাই’-এর মধ্য দিয়েই ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তাঁর নাম। তারপর বড়পর্দায় পা রাখা—‘প্রধান’। ‘১০ই জুন’ ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু হঠাৎই হারিয়ে গিয়েছিলেন আলো থেকে। সেই সময় শোনা গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিডনিতে স্টোনের যন্ত্রণা পেয়ে নাকি বেশ ভুগেছিলেন অভিনেত্রী। দীর্ঘ দিন তিনি দূরে ছিলেন কাজ থেকে, এমনকী সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি তাঁর।
তবু সেই ছায়া সরিয়ে ফের আলোয় ফিরেছিলেন সৌমিতৃষা। হাতে এসেছিল নতুন প্রজেক্ট—‘কালরাত্রি ২’। কয়েক সপ্তাহ আগেই শেষ করেছেন ছবির শুটিং। আবার দেখা গিয়েছিল রাজ্যের বিসর্জন কার্নিভালে, তৃণমূলের মঞ্চে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেও। যেন অসুস্থতার পর জীবনের ছন্দ ফিরে পাচ্ছিলেন তিনি। কিন্তু নিয়তির খেলা থেমে রইল না—এই আনন্দের মাঝেই আবার বিছানায় তাঁকে ফিরিয়ে দিল ম্যালেরিয়া।
তাঁর পোস্টের নিচে ভালোবাসায় ভরে উঠল অনুরাগীদের কমেন্ট সেকশন। কেউ লিখলেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি, তোমার জন্য প্রার্থনা করছি।” কেউ আবার বললেন, “তোমার অসুস্থতার কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায়, তুমি দ্রুত ভালো হয়ে ওঠো।” ভালোবাসার সেই অজস্র বার্তা যেন হয়ে উঠল তাঁর প্রতি জনমনের প্রার্থনা।