গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল। এ দিন 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূত হয় তাঁর। একই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে।

শেষ আপডেট: 5 November 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল। এ দিন 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূত হয় তাঁর। একই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে। অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের বেসরকারি এক হাসপাতালে।
এই মুহূর্তে সেখানেই আছেন তিনি। চলছে চিকিৎসা। দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় 'এরাও মানুষ' ছবির পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ির সঙ্গে। তিনিও এই খবরে শিলমোহর দিয়েছেন।

এ বছরটা জিতু কামালের। গত বছরের বিচ্ছেদ পর্বের ব্যাগেজ পিছনে ফেলে পেশাগত জীবনে একের পর এক ছাপ ফেলছেন তিনি। এই মুহূর্তে ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর পাশাপাশি চলছে তাঁর নতুন ছবি 'এরাও মানুষ'-এর শুটিং। একটানা শুটিংয়ের এই চাপ না নিতে পেরেই অসুস্থ হয়েছেন জিতু, জানা গিয়েছে তেমনটাই।
মাস কয়েক আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হিরো হিসেবে দেখা গিয়েছিল জিতু কামালকে। অভিনয় করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি 'গৃহপ্রবেশ'-এ। ছবিতে জিতুর অভিনয় চমকে দিয়েছিল সকলকে। সেই ছবি এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রাখতেও কি কোথাও ভুলে যাচ্ছেন অভিনেতা? তাঁর হঠাৎ অসুস্থতার খবর চিন্তা বেড়েছে ভক্তমহলেও। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কাজে ফিরুন, আপাতত এটাই প্রার্থনা অভিনেতার দুই বাংলায় ছড়িয়ে থাকা অগুণতি ভক্তের।