কন্নড় ভাষাপ্রেমীদের একাংশের দাবি, কমল হাসান বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মঙ্গলবার, সেখানে কালো কালি ছেটানোর পরিকল্পনা ছিল। খবর পেয়ে অভিনেতা আগেভাগেই এলাকা থেকে বেরিয়ে যান।

কমল হাসান
শেষ আপডেট: 28 May 2025 07:58
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়ে কন্নড় ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। নিজের নতুন ছবি 'থাগ লাইফে'র-এর অডিও লঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'কন্নড় ভাষার জন্ম তামিল থেকে।' যাঁকে উদ্দেশ্য করে একথা বলেন, তিনি সেভাবে রিয়্যাক্ট না করলেও, এই মন্তব্য ভালভাবে নেননি কন্নড় ভাষাপ্রেমীরা। ক্ষোভে ফেটে পড়ছে প্রো কন্নড় সংগঠনগুলি।
চেন্নাইয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে কমল হাসান বলেন, 'উইরা উরাভে তামিজে।' যার অর্থ হল 'আমার জীবন ও পরিবার তামিল ভাষা।' এপর্যন্ত ঠিকই ছিল। এরপরই অভিনেতা বলে বসেন, 'শিবরাজকুমার আমার পরিবারের একজন, উনি অন্য রাজ্যে থাকেন। আমি যখন বলি আমার জীবন ও পরিবার হল তামিল, তখন তোমরাও আমার পরিবারের অংশ কারণ তোমাদের ভাষা (কন্নড়) তামিল থেকেই জন্ম নিয়েছে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্নড় ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা শিবরাজকুমার। এই ছবিটি তিনি পরিচালনা করছেন মণি রত্নমের সঙ্গে। এহেন মন্তব্য শুনে তিনি সেই মুহূর্তে কিছু বলেননি। কিন্তু মন্তব্যটি একেবারেই মেনে নিতে পারেনি কর্নাটকের প্রো-কন্নড় সংগঠনগুলি। 'কন্নড় রক্ষা বেদিকে'-র মতো সংগঠন কমলের বক্তব্যের তীব্র নিন্দা জানায়। হুঁশিয়ারি দেয়, ভবিষ্যতে এমন কোনও মন্তব্য করা হলে, তার ফল ভাল হবে না।
বেঙ্গালুরুতে ‘থাগ লাইফ’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলে বিক্ষোভ দেখায় কন্নড়পন্থী অনেকেই। তাঁরা সাফ জানান, কন্নড় ভাষা ও কর্নাটকের অপমান করলে কমল হাসানের ছবিকে ব্যান করা হবে। ‘কন্নড় রক্ষা বেদিকে’-র নেতা প্রবীণ শেট্টি বলেন, 'কমল হাসান বলেছেন তামিল কন্নড়ের থেকে উন্নত এবং কন্নড় তামিলের পরে জন্ম নিয়েছে। কর্নাটকে ব্যবসা করতে এসেছেন, আর সেই রাজ্য ও ভাষাকে অপমান করবেন? আজ আপনি রাজ্যে এসেছিলেন, আমরা কালো কালি ছেটাতে তৈরি ছিলাম আপনার ওপর। সেটা জেনে পালিয়ে গেছেন। আবার যদি কন্নড় বা কর্নাটকের মানুষের বিরুদ্ধে কিছু বলেন, তাহলে ব্যাপক প্রতিবাদ হবে। ছবিও ব্যান করা হবে।'
কন্নড় ভাষাপ্রেমীদের একাংশের দাবি, কমল হাসান বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মঙ্গলবার, সেখানে কালো কালি ছেটানোর পরিকল্পনা ছিল প্রতিবাদীদের একাংশের। খবর পেয়ে অভিনেতা আগেভাগেই এলাকা থেকে বেরিয়ে যান।
এদিকে এই বিতর্ক আরও বাড়িয়েছে কর্নাটক বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর বক্তব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'কমল হাসানের বক্তব্য অসভ্যতা এবং অহংকারের চূড়ান্ত নিদর্শন।' বলেন, 'একজন শিল্পীর উচিত সব ভাষাকে সম্মান জানানো, কিন্তু কমল হাসান কন্নড়কে অপমান করে শিবরাজকুমারকে সামনে এনে তামিল ভাষার প্রশংসা করেছেন। কন্নড় ভাষার ঐতিহ্য আড়াই হাজার বছর পুরনো, তাই এই ভাষাকে এভাবে হেয় করা যায় না। কমল হাসান কন্নড় ছবিতে কাজ করেছেন, অথচ এখন সেই ভাষার প্রতিই কৃতজ্ঞতা দেখাচ্ছেন না।'
অভিনেতা এর আগেও হিন্দু ধর্ম এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে দাবি করেন রাজ্য সভাপতি। আর এবার ৬.৫ কোটি কন্নড় ভাষাভাষীর অপমান করেছেন। তিনি অভিনেতাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।
এনিয়েও সোশ্যাল মিডিয়াজুড়েও পক্ষে-বিপক্ষে মতামত চলছে। তবে, এপর্যন্ত মুখ খোলেননি কমল হাসান।