দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনার কেন্দ্রে নবনীতা দাস। ছোটপর্দার পরিচিত মুখ, যাঁর উপস্থিতি একসময় ধারাবাহিককে আলাদা মাত্রা দিত, তিনি কি আবার ফিরছেন?

নবনীতা দাস
শেষ আপডেট: 23 March 2026 15:44
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনার কেন্দ্রে নবনীতা দাস (Nabanita Das)। ছোটপর্দার পরিচিত মুখ, যাঁর উপস্থিতি একসময় ধারাবাহিককে আলাদা মাত্রা দিত, তিনি কি আবার ফিরছেন? আর যদি ফেরেন, তবে কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে—এই প্রশ্নেই এখন সরগরম টেলিভিশন মহল থেকে দর্শকসমাজ।
শেষবার তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক “তুমি আশেপাশে থাকলে”-তে, যেখানে রোহান ভট্টাচার্য-এর সঙ্গে তাঁর জুটি নজর কেড়েছিল দর্শকদের। তারপর যেন আচমকাই থেমে যায় সেই যাত্রা। বিশেষ করে জীতু কমল (jeetu kamal)-এর সঙ্গে ব্যক্তিগত জীবনের বিচ্ছেদের পর নবনীতার উপস্থিতি ক্রমশই কমে আসে ছোটপর্দায়। একসময় যিনি ধারাবাহিকের পর ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন, সেই পরিচিত মুখটাই যেন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে টেলিভিশনের ব্যস্ত ভিড়ে।
এই অনুপস্থিতি সহজভাবে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। সময়ের সঙ্গে সঙ্গে জমেছে অপেক্ষা, সঙ্গে কিছুটা অভিমানও। মাঝেমধ্যেই শোনা গিয়েছে, নতুন কোনও প্রোজেক্টে ফিরছেন নবনীতা—কিন্তু প্রত্যেকবারই সেই আশার প্রদীপ নিভে গেছে বাস্তবের হাওয়ায়। ফলে তাঁর ফেরার প্রতিটা গুঞ্জনই এখন আলাদা করে উত্তেজনা তৈরি করে।
সম্প্রতি সেই উত্তেজনাই আবার নতুন করে ছড়িয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। স্নেহা চট্টোপাধ্যায় একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় সান বাংলার জনপ্রিয় গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ-এর সেটে একসঙ্গে উপস্থিত নবনীতা, দিব্যানী মণ্ডল ও সৃজলা গুহ। ছবিটা প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা—তবে কি নতুন কোনও ধারাবাহিকের হাত ধরেই ফিরছেন তিনি?
কিন্তু এই উত্তেজনার মধ্যেই সামনে আসে বাস্তবটা। কোনও নতুন ধারাবাহিক নয়, বরং একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে নবনীতাকে। তিনি এই শো-তে যোগ দিয়েছেন একজন প্রতিযোগী হিসেবে, ঠিক সাধারণ অংশগ্রহণকারীদের মতোই। ফলে তাঁর অভিনয়ে ফেরার খবর আপাতত সত্যি নয়, যদিও এই উপস্থিতিই অনুরাগীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনে বেশ সক্রিয় তিনি। সামাজিক মাধ্যমে তাঁর উপস্থিতি নিয়মিত—কখনও ভ্রমণের ছবি, কখনও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনও একান্ত নিজের সময়ের ছোট ছোট ঝলক। কিন্তু কাজ সংক্রান্ত কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি তাঁর প্রোফাইলে।