কলকাতার বুকে আবারও ক্রিকেট ম্যাচ। Calcutta Cricket and Football Club-এর মাঠে আয়োজিত এক বিশেষ ম্যাচ যেন ফিরিয়ে আনল বহু পুরনো দিনের আবেগ।

শেষ আপডেট: 23 March 2026 14:02
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বুকে আবারও ক্রিকেট ম্যাচ। Calcutta Cricket and Football Club-এর মাঠে আয়োজিত এক বিশেষ ম্যাচ যেন ফিরিয়ে আনল বহু পুরনো দিনের আবেগ। ড. ভেস পেজ কাপে সিসিএফসি বনাম ড. ভেস পেজ একাদশের লড়াইকে ঘিরে জমেছিল এক আলাদা পরিবেশ—কারণ, সেখানে উপস্থিত ছিলেন ’৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক Kapil Dev। সঙ্গে ছিলেন টেনিস কিংবদন্তি Leander Paes। আর এই স্মরণীয় মুহূর্তকে আরও ব্যক্তিগত করে তুললেন টলিউড মেগাস্টার Dev, যিনি মাঠেই গিয়ে দেখা করলেন তাঁর প্রিয় ক্রিকেট আইকনের সঙ্গে।
কলকাতায় পা রাখলেই আবেগ যেন অন্যরকম হয়ে ওঠে কপিল দেবের। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বললেন, এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই ক্রিকেটে সীমাবদ্ধ নয়—এখানে আছে স্মৃতি, আছে অনুভূতি। তাঁর কথায়, “কলকাতা মানেই একটা আলাদা অনুভব। এখানে এলেই পুরনো দিনের অনেক কিছু মনে পড়ে যায়।” শহরের আতিথেয়তা আর ক্রিকেটপ্রেম তাঁকে এখনও একইভাবে টানে। আর খাবারের কথা উঠতেই বলেন—বাঙালির প্রিয় মাছের ঝোল। হাসতে হাসতেই তিনি বলেন, “কলকাতায় এলেই মাছের ঝোলের কথা মনে পড়ে। এর স্বাদটাই আলাদা।”
এই ম্যাচের মাঝেই ঘটে গেল আরেকটি সুন্দর মুহূর্ত। কপিল দেবের সঙ্গে হাত মেলালেন দেব, তারপর শ্রদ্ধায় প্রণামও করলেন। সেই মুহূর্তে যেন এক প্রজন্ম আরেক প্রজন্মকে ছুঁয়ে গেল। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আর ভিডিও শেয়ার করে দেব লিখলেন, “দ্যা লেজেন্ড কপিল দেব স্যরের সঙ্গে।” তাঁর কথায় এবং অভিব্যক্তিতে স্পষ্ট—এই সাক্ষাৎ তাঁর কাছে শুধু একটি মুহূর্ত নয়, বরং এক গর্বের স্মৃতি।
অনেকদিন পর আবার মাঠে ফিরে কপিল দেবও বেশ খুশি। তিনিই টস করলেন, চারপাশে তাকিয়ে বললেন—২০ বছরে মাঠের চেহারা অনেকটাই বদলে গেছে। সবুজ ঘাসের সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। চিকিৎসকদের এই উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবদের জয়ের জন্য নিজের আনন্দও ভাগ করে নেন।
রবিবারের সেই আসরে নীল জার্সি পরে মাঠে নামলেন তিনি। খুব কম মানুষই জানেন, অভিনয়ের পাশাপাশি দেবের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক অনেক পুরনো। একসময় প্রফেশনাল ক্রিকেট খেলেছেন তিনি, বহুবার সিসিএল-এ অংশ নিয়েছেন। ক্রিকেটের প্রতি তাঁর টান এতটাই গভীর যে, এই খেলাকে ঘিরে সিনেমাও করেছেন তিনি।
সেই মানুষটাই গতকাল আবার ব্যাট হাতে নামলেন মাঠে। তার আগে ওয়ার্ম আপ করতেও দেখা গেল তাঁকে। আর মাঠে নামা মানেই তাঁর পারফরম্যান্স নিয়ে আলাদা প্রত্যাশা—সেটাও বজায় রাখলেন। তবে খেলার থেকেও বেশি আলোচনায় উঠে এল তাঁর জীবনের এক বিশেষ মুহূর্ত—কপিল দেবের সঙ্গে এই সাক্ষাৎ।
দেব মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেন। কিন্তু গতকালের অভিজ্ঞতা ছিল আলাদা। কিংবদন্তির সঙ্গে সময় কাটানো, কিছু স্মৃতি ভাগ করে নেওয়া—সব মিলিয়ে দিনটা তাঁর কাছে বিশেষ হয়ে রইল।
এদিকে, অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় কাটছে তাঁর। সম্প্রতি শেষ করেছেন তাঁর আসন্ন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র শুটিং, যা মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। এই বছরই তাঁর তিনটি ছবি মুক্তির কথা—পুজোয় আসছে দেব-শুভশ্রী জুটির নতুন ছবি, আর বড়দিনে আসছে ‘টনিক ২’।