‘আশিকি ২’ দিয়ে এখনও দর্শকের মনে শ্রদ্ধা কাপুর। স্টারডমে কি রণবীর-আলিয়াকেও ছাপিয়ে গিয়েছেন? মোহিত সুরি জানালেন নিজের মতামত।

কী বললেন মোহিত সুরি
শেষ আপডেট: 1 August 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: ‘সাইয়ারা’-র সাফল্যের পরে ফের আলোচনায় পরিচালক মোহিত সুরি। বক্স অফিসে ছবিটি যখন চমক দেখাচ্ছে, তখন পরিচালক ফিরছেন নিজের পুরনো স্মৃতির ঝুলিতে। বিশেষ করে, তাঁর অন্যতম সফল ছবি 'আশিকি ২' নিয়ে। সেই ছবির জুটি শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরকে নিয়ে আজও দর্শকদের উন্মাদনা কমেনি। যদিও কয়েক বছর আগেই রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার পর অনেকেই তুলনায় ফেলেছিলেন—আদিত্য-শ্রদ্ধা কি পারবেন সেই জুটির সঙ্গে পাল্লা দিতে?
এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন মোহিত সুরি। এক সাক্ষাৎকারে সাফ জানালেন, শ্রদ্ধা কাপুরের স্টারডম এখনো অক্ষত, বরং নিজের ধারা বজায় রেখেই তিনি মানুষের মনে জায়গা করে আছেন।
সিদ্ধার্থ কাননের একটি সাক্ষাৎকারে মোহিত বলেন, “আমি জানি না স্টারডম আসলে কীভাবে মাপা যায়। তবে এটুকু জানি, শ্রদ্ধা যখন কোথাও যায়, মানুষ আজও তাঁর নামে চিৎকার করে। ও হয়তো অনেক ছবি করে না, কিন্তু তার পরেও সেই জনপ্রিয়তা রয়েছে। আমি তো জানি, একজন তারকা হতে গেলে কী কী করতে হয়। কিন্তু আমি পরিচালক, আমার সিনেমায় যেটা মানায়, সেটাই বেছে নিই।”
২০১৩ সালে 'আশিকি ২' মুক্তির পরই বদলে গিয়েছিল শ্রদ্ধা ও আদিত্যর কেরিয়ার গ্রাফ। সেই বছর 'আশিকি ২' ছিল অন্যতম সর্বাধিক আয় করা সিনেমা। প্রেম, সংগীত, ও আবেগের জটিল ধাঁধায় নির্মিত ছবিটি দর্শকদের মনে আজও গেঁথে রয়েছে।
মোহিত বলেন, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির সময় রণবীর-আলিয়া একসঙ্গে গুঞ্জনের জন্ম দিয়েছিলেন ঠিকই, কিন্তু ছবিটি তেমন উষ্মা জাগাতে পারেনি। দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল সে ছবি ঘিরে।
শ্রদ্ধা কাপুরও 'আশিকি ২'-কে নিজের জীবনের ‘টার্নিং পয়েন্ট’ বলেই মানেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আরোহি আমার জীবনে এসেছে, আর সবকিছু বদলে দিয়েছে। আমি চিরকাল কৃতজ্ঞ থাকব দর্শকদের প্রতি, যাঁরা এত ভালোবাসা দিয়েছেন। গান, সিনেমা, গল্প—সব মনে রেখেছেন মানুষ। মোহিত সুরিকে ধন্যবাদ, এই চরিত্রটা আমার হাতে তুলে দেওয়ার জন্য।”