কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নেহা কক্কর ও তাঁর ভাই টনি কক্কড়ের নতুন গান ‘ললিপপ’। গানটি প্রকাশের পর থেকেই বিতর্কে জড়ান নেহা। গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
.jpg.webp)
শেষ আপডেট: 19 January 2026 14:12
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন গায়িকা নেহা কক্কর। তাঁর সম্প্রতি মুক্তি পাওয়া গানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে কটাক্ষের মুখে পড়তে হয় গায়িকাকে। এবার আচমকাই বিনোদন জগৎ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন নেহা কক্কর। গায়িকার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা, তবে কি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি? শুধু তা-ই নয়, অনুরাগী ও পাপারাৎজিদের উদ্দেশেও এক বিশেষ অনুরোধ করেছেন নেহা, যা আরও বেশি ভাবিয়ে তুলেছে অনুরাগীদের।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নেহা কক্কর ও তাঁর ভাই টনি কক্কড়ের নতুন গান ‘ললিপপ’। গানটি প্রকাশের পর থেকেই বিতর্কে জড়ান নেহা। গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। অনেকেই গানটিকে অশালীন ও অভব্য বলে আক্রমণ করেন। সেই সমালোচনার চাপেই কি এই সিদ্ধান্ত, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
নেহা জানিয়েছেন, তিনি শুধু কাজ থেকেই নয়, দায়িত্ব ও সম্পর্ক থেকেও আপাতত দূরে থাকতে চান। ইনস্টাগ্রাম স্টোরিতে গায়িকা লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা যা চলছে, সব কিছুর থেকেই এ বার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, সিদ্ধান্তটি তাঁর কাছে কতটা কঠিন ও যন্ত্রণাদায়ক।
এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠছে, ব্যক্তিগত জীবনে কি কোনও অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন নেহা? কেনই বা তিনি সম্পর্ক ও দায়িত্ব থেকে সরে থাকার কথা বলছেন? যদিও এই বিষয়ে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেননি গায়িকা।
এদিকে নিজের মানসিক শান্তির কথা ভেবেই পাপারাৎজিদের প্রতিও স্পষ্ট অনুরোধ নেহার। তিনি লেখেন,
“ফোটোগ্রাফার ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ফ্রেমবন্দি করবেন না। আশা করি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।” হাতজোড় করা ইমোজি দিয়ে আরো বলেন, “আমার শান্তির জন্য অন্তত এটুকু আপনারা করতে পারেন।”
নেহার এই পোস্ট ঘিরেই এখন অনুরাগীদের মনে একরাশ প্রশ্ন, এটা কি সাময়িক বিরতি, না কি সত্যিই বিনোদনজগত থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত? উত্তর আপাতত সময়ই দেবে।