গায়িকা পলক মুচ্ছল শুধু বলিউডের মধুর কণ্ঠস্বর নন, তিনিই সেই শিল্পী যিনি নিজস্ব উদ্যোগে ৩,৮০০-রও বেশি শিশুর হার্ট সার্জারি করিয়েছেন।

পলক মুচ্ছল
শেষ আপডেট: 11 November 2025 23:17
দ্য় ওয়াল ব্যুরো: বলিউডের একাধিক সুপারহিট গান তাঁর ঝুলিতে। তাঁর মিষ্টি কণ্ঠে মুগ্ধ অগণিত শ্রোতা। কিন্তু প্লেব্যাক শিল্পী পলক মুচ্ছল-এর জীবনের আসল পরিচয় লুকিয়ে আছে তাঁর মানবসেবার কাজে। গানবাজনার জগৎ ছাড়িয়ে ছোটবেলা থেকেই তিনি সমাজসেবা করেন। পলকের ব্যক্তিগত উদ্যোগেই এই পর্যন্ত ৩,৮০০ জনেরও বেশি দুঃস্থ শিশুর হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আর এই বিশাল সংখ্যক শিশুর জীবন বাঁচানোর এই মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এর পাতায়।
পলকের এই যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সে। মাত্র সাত বা আট বছর বয়সে। ট্রেনে যাওয়ার সময় দেখা একটি ঘটনা মুহূর্তে তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। সেই সময় তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, "আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।" সেই থেকে দুঃস্থ শিশুদের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়ে আজও কাজ করে চলেছেন তিনি।
পলক এই কাজে প্রথম বড় পদক্ষেপ নেন কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য। রাস্তায় নেমে গান গেয়ে তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। এরপর একটি স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা তোলার পর তাঁর এই উদ্যোগ প্রাতিষ্ঠানিক রূপ পায়। 'পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন'-এর মাধ্যমে শুরু হয় বহু শিশুর হার্ট সার্জারির কাজ।
শিল্পীর এই মানবিক রূপের জন্যই পলক মুচ্ছল প্রথম বলিউড গায়িকা, যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ উঠল। তিনি প্রমাণ করলেন, সুরের মতোই মানবতাও মানুষকে বাঁচিয়ে রাখে দীর্ঘকাল।