‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই তুমুল জল্পনা! বড় সাহেব চরিত্রে কি সত্যিই কিসার কিং ইমরান হাশমি?

‘ধুরন্ধর ২’
শেষ আপডেট: 24 February 2026 16:45
দ্য ওয়াল ব্যুরো: বলিউড-এর অন্দরে ইতিমধ্যেই বইছে ঈদের হাওয়া। আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। ২০২৫ সালে প্রথম ছবির সাফল্যের পর থেকেই সিক্যুয়েল ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ছবির রহস্যময় ‘বড় সাহেব’ চরিত্রে দেখা যাবে কাকে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি লেটারবক্সড স্ক্রিনশট। সেখানে ছবির সম্ভাব্য কাস্ট তালিকায় নাকি দেখা গেছে ইমরান হাশমি-র (Emraan Hashmi) নাম। যদিও তাঁর চরিত্রের নাম উল্লেখ নেই, তবু অনেক ভক্তের অনুমান, তিনিই হয়তো ‘বড় সাহেব’ চরিত্রে অভিনয় করছেন। তবে এই তথ্য সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়া সূত্রে পাওয়া। নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
‘বড় সাহেব’ চরিত্রটি নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কানাঘুষো, এই চরিত্রটি নাকি কোনও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের প্রধান। কেউ কেউ মনে করছেন, চরিত্রটির মধ্যে রয়েছে দাউদ ইব্রাহিম-এর ছায়া। আবার কারও মতে, এতে মিল খুঁজে পাওয়া যেতে পারে মৌলানা মাসুদ আজহার-এর সঙ্গে। যদিও এসবই এখন গুঞ্জনের পর্যায়ে— নির্মাতারা এ বিষয়ে এখনও নীরব।
এদিকে আরও একটি চমকের খবরও ভেসে উঠেছে। শোনা যাচ্ছে, ছবির কাস্টে থাকতে পারেন রাজ জুতশি, যিনি সম্ভবত এক পাকিস্তানি জেনারেলের ভূমিকায় অভিনয় করবেন। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে ইয়ামি গৌতম-কেও। তবে এই তথ্যগুলির কোনওটাই এখনও নিশ্চিত নয়।
ছবিটি প্রযোজনা করছে Jio Studios এবং B62 Studios। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির একাংশ ‘ধুরন্ধর ২’-কে ২০২৬ সালের অন্যতম বড় থিয়েট্রিক্যাল স্পেক্ট্যাকল হিসেবে দেখছে।