মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুর পর অগ্নিগর্ভ মেক্সিকো। হিংসা ও সেনা মোতায়েনের মাঝেই আটকে পড়েছিলেন হানি সিং।

হানি সিং
শেষ আপডেট: 24 February 2026 16:29
দ্য ওয়াল ব্যুরো: মাদক সম্রাটের মৃত্যুর খবরে কার্যত অগ্নিগর্ভ মেক্সিকো (Honey Singh Mexico violence)। দেশজুড়ে শুরু হয়েছে হিংস্র বিক্ষোভ, রাস্তায় নেমে পড়েছে মাদক পাচারকারীরা। কোথাও বাসে আগুন, কোথাও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই প্রায় ১১ হাজার সেনা মোতায়েন করেছে প্রশাসন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সে দেশে আটকে পড়েছিলেন ভারতীয় র্যাপার হানি সিং। স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় তাঁর অনুরাগী ও ঘনিষ্ঠ মহলে।
বলিউড সূত্রে জানা গেছে, কাজের সূত্রে কয়েক দিন আগেই মেক্সিকোয় গিয়েছিলেন হানি সিং। কিন্তু মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামেও পরিচিত, তাঁর নিকেশের খবর সামনে আসতেই পরিস্থিতি আচমকা বদলে যায়। সোমবার তাঁকে ধরতে বিশেষ অভিযান চালায় সেনা। এরপরই দেশের পশ্চিমাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে হিংসা। প্রতিবাদের নামে রাস্তায় নেমে তাণ্ডব শুরু করে মাদকচক্রের সদস্যরা।
সংবাদমাধ্যম আল জাজিরা-র রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। বাস জ্বালানো থেকে দোকানপাট পুড়িয়ে দেওয়া— সর্বত্র অরাজকতার ছবি। পরিস্থিতি সামাল দিতে বিপুল সেনা ও ন্যাশনাল গার্ড নামানো হয়েছে। সংঘর্ষে ইতিমধ্যেই ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন প্রতিবাদীও।
এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সোমবার কার্যত ‘জতুগৃহে’ আটকে পড়েন হানি সিং। খবর প্রকাশ্যে আসতেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। তবে পরে নিজেই অনুরাগীদের আশ্বস্ত করেন তিনি। ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে সোশ্যাল মিডিয়ায় হানি সিং লেখেন, “আপনারা আমার জন্য উদ্বিগ্ন, জানি। তার জন্য ধন্যবাদ। আমি মেক্সিকোয় নিরাপদেই আছি। এবার বিমানে করে বাড়ি ফিরছি।”
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, চার্টার্ড বিমানের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। যদিও তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা গেছে, ইতিমধ্যেই একটি মার্কিন সংস্থা তাদের কর্মীদের আমেরিকা-য় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। সেই আবহেই অবশেষে দেশে ফেরার পথে হানি সিংও।