মুম্বইয়ের জুহুতে সমুদ্রের ধারে অবস্থিত শিল্পার বাংলো ‘কিনারা’। প্রায় ৫.২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়ির আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

শিল্পা শেট্টি
শেষ আপডেট: 20 June 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ছবির পাশাপাশি তাঁর ফিটনেস, লাইফস্টাইল নিয়েও চর্চার শেষ নেই। সম্প্রতি একটি ভিডিও ঘিরে তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হলেও, তার মধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে শিল্পার বিলাসবহুল বাড়ি ‘কিনারা’র কিছু দৃশ্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কেমন এই রাজকীয় বাংলো।

মুম্বইয়ের জুহুতে সমুদ্রের ধারে অবস্থিত শিল্পার বাংলো ‘কিনারা’। প্রায় ৫.২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়ির আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। খ্যাতনামা ডিজাইনার আহসান আনসারি ও সুজান রোশন মিলে তৈরি করেছেন এই বাড়ির ভিতর-বাইরের সৌন্দর্য।
‘কিনারা’ বাংলোতে রয়েছে একটি রাজকীয় লিভিং রুম, ড্রয়িং রুম, প্রাইভেট বার, ডাইনিং এরিয়া, জিম, রান্নাঘর, একটি মন্দির, বাগান এবং আরও অনেক কিছু। শিল্পার লিভিং রুমের প্রবেশদ্বারেই নজর কাড়ে কমলালতা খোদাই করা দরজা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এই রুম থেকে ছবি শেয়ার করেন তিনি। ঘরের মাঝখানে কাঠের তৈরি একটি বিশাল ঘোড়ার মূর্তি ঘরের আভিজাত্য আরও বাড়িয়ে দেয়। সঙ্গে রয়েছে সাদা সোফা ও জেব্রা প্রিন্টের কুশন।

শিল্পার বাড়িতে রয়েছে একটি আলাদা মন্দিরঘরও। প্রতি বছর দীপাবলিতে স্বামী রাজ কুন্দ্রা এবং সন্তান ভিয়ান ও সামিশার সঙ্গে সেখানে পূজো করতে দেখা যায় তাঁকে। ‘ধড়কন’ খ্যাত অভিনেত্রীর বাড়িতে রয়েছে আলাদা জিমরুমও। সেখানেই নিয়মিত শরীরচর্চা করেন শিল্পা। এছাড়া সমুদ্রতট ঘেঁষা বাগানঘরও রয়েছে বাড়ির একপাশে। ডাইনিং এরিয়ায় রয়েছে ১২ জনের জন্য বিশাল এক ডাইনিং টেবিল। উপরে ঝাড়বাতি, আর পাশেই একটি ব্যক্তিগত বার। বার ঘরটিতে একাধিক ক্রিকেট ব্যাট, যার গায়ে ক্রিকেটারদের স্বাক্ষরও রয়েছে।