অস্কারের মঞ্চে ভারতের স্বপ্নের হাঁটাচলা থেমে গেল শেষ পাঁচে পৌঁছনোর আগেই। ২২ জানুয়ারি, ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার দিনে স্পষ্ট হয়ে যায়—সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি ভারতের প্রতিনিধি ছবি ‘হোমবাউন্ড’।

শেষ আপডেট: 23 January 2026 15:11
দ্য ওয়াল ব্যুরো: অস্কারের মঞ্চে ভারতের স্বপ্নের হাঁটাচলা থেমে গেল শেষ পাঁচে পৌঁছনোর আগেই। ২২ জানুয়ারি, ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার দিনে স্পষ্ট হয়ে যায়—সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি ভারতের প্রতিনিধি ছবি ‘হোমবাউন্ড’।
চূড়ান্ত মনোনয়ন না এলেও ছবির দীর্ঘ যাত্রা ঘিরে আবেগের ঘনঘটা থামেনি। এই ছবির অন্যতম প্রযোজক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁর গর্বের অনুভূতি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, নীরজ ঘায়ওয়ানের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাওয়াটাই তাঁর কাছে বড় প্রাপ্তি—এই সিনেমার পথচলা নিয়ে তিনি গর্বিত। করণের সেই বার্তায় আবেগে সাড়া দেন পরিচালক নীরজ নিজেও। তাঁর কথায় ধরা পড়ে কৃতজ্ঞতার সুর—এই দীর্ঘ সফরে করণ জোহর ছিলেন তাঁর অবিচল ভরসা, যাঁকে ছাড়া এতদূর পৌঁছনো সম্ভব হত না।
এ বছর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, স্পেনের ‘সিরাত’ এবং তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’। সেই তালিকায় জায়গা না পেলেও, শেষ ১৫টি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’-এর উপস্থিতিই ভারতীয় ছবির জন্য সম্মানের বিষয় বলে মনে করছেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা বিশাল জেঠওয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, চূড়ান্ত মনোনয়ন না এলেও এতদূর পৌঁছনো এবং বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল তাঁর জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ইশান খট্টরের সঙ্গে সমান্তরাল প্রধান চরিত্রে অভিনয় করা এই ছবির অংশ হতে পেরে তিনি গভীরভাবে কৃতজ্ঞ।
‘হোমবাউন্ড’-এর গল্পে রয়েছে দুই বন্ধুর স্বপ্ন আর বাস্তবের সংঘর্ষ। উত্তর ভারতের এক গ্রামে অতিমারির পটভূমিতে শোয়েব ও চন্দনের জীবন এগোয় একই আশায়—দারিদ্র্যের বেড়াজাল ভেঙে পুলিশের চাকরি পাওয়া। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় সমাজের নির্মম বিভাজন—জাত, ধর্ম আর বেঁচে থাকার নিরন্তর লড়াই। ইশান খট্টর শোয়েবের চরিত্রে যেমন নিজের ভেতরের দ্বন্দ্ব তুলে ধরেছেন, তেমনই বিশাল জেঠওয়া চন্দন কুমার বাল্মিকীর ভূমিকায় এনে দিয়েছেন তীব্র বাস্তবতার ছাপ। ছবিতে জাহ্নবীর চরিত্র সুধা ভারতীও আলাদা করে চোখে পড়ে।
সামাজিক অবিচার আর বৈষম্যের স্তর স্তর পর্দা সরিয়ে দেওয়া এই সিনেমার প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে সময়ের সাক্ষ্য। করণ জোহর, অপূর্ব মেহতা, আদর পুনেওয়ালা ও সোমেন মিশ্রার প্রযোজনায় তৈরি ‘হোমবাউন্ড’ হয়তো অস্কারের শেষ মঞ্চে পৌঁছয়নি, কিন্তু তার যাত্রা প্রমাণ করে দিয়েছে—কখনও কখনও পুরস্কারের চেয়েও বড় হয়ে ওঠে একটি গল্পের সত্যতা।