ইন্ডিয়ান আইডল জয়ের পর বদলে গেছেন মানসী ঘোষ!

মানসী ঘোষ
শেষ আপডেট: 5 March 2026 15:41
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি হিসেবে প্রথমবার ইন্ডিয়ান আইডল-এর মঞ্চ জয় করেছিলেন মানসী ঘোষ (Manasi Ghosh)। জাতীয় স্তরের সেই সংগীত প্রতিযোগিতায় নিজের গায়কিতে যেন ঝড় তুলেছিলেন তিনি। ট্রফি জয়ের পরও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বরং সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন মানসী। সম্প্রতি নিজের শরীরচর্চার একটি ছবি পোস্ট করেছেন তিনি, যা ঘিরে নেটদুনিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে।
মানসীর সেই পোস্টে ভক্তদের মন্তব্যেরও শেষ নেই। কেউ মজা করে লিখেছেন, “এক যুগ পর জিমে গেলে ছবি তুলতেই হয়।” আবার আরেকজনের মন্তব্য, “সুপার ফিট।” এমনকী এক অনুরাগী পপ তারকা শাকিরার সঙ্গে তুলনা টেনে লিখেছেন, “তুমি ভারতের শাকিরা!”
ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার সময় থেকেই মানসীর কাছে একাধিক কাজের সুযোগ আসতে শুরু করে। এর মধ্যেই দেশের নানা শহরে তিনি শুরু করেছেন তাঁর ‘ম্যাজিক উইথ মানসী’ ট্যুর। শুধু দেশেই নয়, বিদেশেও ইতিমধ্যে শো করেছেন তিনি।
উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া নিমতার বাসিন্দা মানসী ঘোষের গানের সফর শুরু হয়েছিল খুব ছোটবেলায়। প্রথমে মায়ের ইচ্ছেতেই গান শেখা শুরু হলেও পরে সেটাই তাঁর নিজের ভালোবাসায় পরিণত হয়। মাত্র চার বছর বয়সে যে যাত্রা শুরু হয়েছিল, সেই পথই আকাশ ছুঁয়েছে প্রায় দুই দশক পরে, যখন মানসীর বয়স ২৪। ইন্ডিয়ান আইডলের মঞ্চ তাঁকে পৌঁছে দিয়েছে গোটা দেশের দর্শকদের কাছে।
তবে এই সাফল্যের আগে একটি আক্ষেপও ছিল। ২০২২ সালে ‘সুপার সিঙ্গার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মানসী। সেবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে, হয়েছিলেন দ্বিতীয়। কিন্তু সেই অপূর্ণতা অনেকটাই পূরণ করে দিয়েছে ইন্ডিয়ান আইডল ২০২৪–২৫-এর জয়।
এই প্রতিযোগিতা জিতে পুরস্কার হিসেবে ২৫ লক্ষ টাকা পেয়েছিলেন মানসী। তখনই তিনি জানিয়েছিলেন, সেই অর্থ তিনি গানের কাজেই ব্যয় করতে চান। তাঁর কথায়, “আমি নিজের অরিজিনাল মিউজিক বানাব। গানের জন্য যা যা করা দরকার, সেই সব কাজেই এই টাকাটা ব্যবহার করব।”