বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে অভিনেতা জানান, দুবাইয়ে আটকে পড়া মানুষদের জন্য তিনি বিনামূল্যে থাকার ব্যবস্থা করছেন। তিনি বলেন, বর্তমান সংকটের কারণে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন, তাঁদের জন্য নিরাপদ এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে।

শেষ আপডেট: 5 March 2026 13:46
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে (Dubai) আটকে পড়েছেন বহু যাত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা বাড়তেই বাতিল হয়েছে একাধিক আন্তর্জাতিক উড়ান (Flight Cancel)। ফলে অনেকেই সাময়িকভাবে দুবাইয়ে আটকে পড়েছেন এবং দেশে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে অভিনেতা জানান, দুবাইয়ে আটকে পড়া মানুষদের জন্য তিনি বিনামূল্যে থাকার ব্যবস্থা করছেন। তিনি বলেন, বর্তমান সংকটের কারণে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন, তাঁদের জন্য নিরাপদ এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে।
ভিডিও বার্তায় সোনু জানান, শুধু ভারতীয়দের জন্যই নয়, যে কোনও দেশের নাগরিক যদি এই পরিস্থিতিতে আশ্রয়ের সমস্যায় পড়েন, তাহলেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি জানান, কেউ প্রয়োজনে সরাসরি তাঁর কাছে অথবা রিয়েল এস্টেট সংস্থা Dugasta Properties-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতদিন না তাঁরা নিজেদের দেশে ফিরতে পারছেন, ততদিন থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দেন অভিনেতা।
এই উদ্যোগের কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই তাঁকে ‘বলিউডের সত্যিকারের নায়ক’ বলে উল্লেখ করেছেন। আবার কেউ লিখেছেন, মানবিকতার পরিচয় দিয়েই তিনি আবারও মানুষের পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, এর আগেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে সোনু সুদকে। ২০২০ সালে করোনা মহামারির সময় দেশজুড়ে লকডাউনের মধ্যে আটকে পড়া বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন তিনি। সেই সময় তাঁর উদ্যোগ দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
প্রসঙ্গত, সাম্প্রতিক মার্কিন-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফলে দুবাই-সহ বিভিন্ন শহরে বহু যাত্রী সাময়িকভাবে আটকে পড়েছেন।