ইন্ডিয়ান আইডল ৩ খ্যাত গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যু। কারণ নিয়ে ধোঁয়াশা।

প্রশান্ত তামাং
শেষ আপডেট: 11 January 2026 14:05
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রয়াত গায়ক-অভিনেতা প্রশান্ত তামাং (Prashant Tamang)। শনিবার, ১১ জানুয়ারি ভোরে তাঁর নিউ দিল্লির বাসভবন থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃত্যু সংক্রান্ত সরকারি কোনও রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি। তাঁর বয়স হয়েছিল ৪৩।
সূত্রের খবর, অরুণাচল প্রদেশে একটি লাইভ পারফরম্যান্স সেরে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন প্রশান্ত। সফরের সময় বা তার আগে কোনও গুরুতর অসুস্থতার কথা তিনি কারও কাছে জানাননি। তাই আচমকা এই মৃত্যুতে স্বাভাবিক ভাবেই স্তম্ভিত তাঁর পরিবার, অনুরাগী ও সহকর্মীরা। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে সঙ্গীত ও বিনোদন জগতে।
কলকাতা পুলিশে (Kolkata Police) কর্মরত এক সাধারণ কনস্টেবল থেকে দেশজোড়া পরিচিত মুখ-প্রশান্ত তামাংয়ের জীবনযাত্রা ছিল বলিউডি চিত্রনাট্যের মতোই নাটকীয়। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ (Indian Idol Season 3)-এ অংশ নিয়ে রাতারাতি জাতীয় পরিচিতি পান। কোনও বড় সংগীত সংস্থা বা ইন্ডাস্ট্রির জোরালো সমর্থন ছাড়াই শুধুমাত্র নিজের সরলতা আর কণ্ঠের আবেগে মন জিতে নিয়েছিলেন কোটি কোটি দর্শকের। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), গোর্খা (Gorkha) সমাজ ও উত্তর-পূর্ব ভারতের (North East India) মানুষের কাছে তাঁর জয় ছিল আবেগের বিষয়। সেই জয় অনেকের কাছেই হয়ে উঠেছিল আত্মপরিচয় ও আঞ্চলিক গর্বের প্রতীক।
গানের দুনিয়ায় ‘বীর গোর্খালি’ (Bir Gorkhali) বা ‘আসারে মাহিনামা’র (Asare Mahinama) মতো গান আজও আলাদা করে জায়গা করে নিয়েছে। পাশাপাশি অভিনয় জগতেও নিজেকে প্রমাণ করেছিলেন। সম্প্রতি ‘পাতাল লোক সিজন ২’ (Paatal Lok Season 2)-এ ড্যানিয়েল লেচো (Daniel Lecho) চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল আন্তর্জাতিক স্তরেও। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এল এই মর্মান্তিক খবর।
তাঁর বন্ধুবান্ধবরা জানাচ্ছেন, ব্যক্তিগত জীবনে প্রশান্ত ছিলেন অত্যন্ত পরিবারমুখী। ২০১১ সালে নাগাল্যান্ডে (Nagaland) গীতা থাপাকে (Geeta Thapa) বিয়ে করেন তিনি। তাঁদের একমাত্র কন্যা আরিয়াহ (Ariah)। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকেই জীবনের সবচেয়ে বড় শক্তি বলে বারবার উল্লেখ করতেন প্রশান্ত। ঘনিষ্ঠদের কথায়, খ্যাতির আলো তাঁকে কখনও বদলে দিতে পারেনি।
প্রশান্তের মৃত্যু শুধু একজন শিল্পীর চলে যাওয়া নয়, এক প্রজন্মের অনুপ্রেরণার হারিয়ে যাওয়া। তবে, মঞ্চের আলো নিভলেও প্রশান্ত তামাং থেকে যাবেন তাঁর গান, তাঁর সংগ্রাম আর বিশ্বাসের গল্পে।