“বাবুরাও শুধু একটা চরিত্র নয়, হেরা ফেরি-র আত্মা। এই চরিত্র গড়তে যে পরিশ্রম, সৃজনশীলতা আর প্যাশন লেগেছে, তা অন্য কারও নয়। পরেশ রাওয়াল এই ভূমিকাকে প্রাণ দিয়েছেন। এর অপব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।”

ফাইল ছবি।
শেষ আপডেট: 20 September 2025 09:34
দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্সে (Netflix) সম্প্রতি শুরু হওয়া কপিল শর্মার (Kapil Sharma Show ) জনপ্রিয় অনুষ্ঠান The Great Indian Kapil Show এবার আইনি জটিলতায়। কারণ, এক পর্বে ‘হেরা ফেরি’র অমর চরিত্র ‘বাবুরাও’-কে নিয়ে স্কিট দেখানো হয়।
অভিযোগ, সেই চরিত্র ব্যবহার করতে নির্মাতাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আর তাতেই রেগে আগুন Hera Pheri-র প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala)।
অভিযোগে তিনি জানিয়েছেন, “বাবুরাও শুধু একটা চরিত্র নয়, হেরা ফেরি-র আত্মা। এই চরিত্র গড়তে যে পরিশ্রম, সৃজনশীলতা আর প্যাশন লেগেছে, তা অন্য কারও নয়। পরেশ রাওয়াল এই ভূমিকাকে প্রাণ দিয়েছেন। এর অপব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।”
নাদিয়াদওয়ালাদের দাবি, বাবুরাও চরিত্রের নাম ইতিমধ্যেই তাঁদের পরিবারের মালিকানাধীন একটি রেজিস্টার্ড ট্রেডমার্ক। তাই অনুমতি ছাড়া এর ব্যবহার সরাসরি আইন লঙ্ঘন। অভিযোগে দাবি করা হয়েছে, নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, অবিলম্বে কনটেন্ট সরাতে হবে এবং ভবিষ্যতে আর ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি ২৫ কোটি টাকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
প্রযোজকের আইনজীবী সানা রইস খান জানান, “এটা শুধু কপিরাইট ভঙ্গ নয়, প্রকাশ্যে চুরির শামিল। যে অধিকারের জন্য আমার মক্কেল এত বছর লড়াই করেছেন, তা কোনও ভাবেই ফ্রি-ফর-অল নয়। এবার এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে কপিল শর্মার দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নজর আইনের লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই।