বর্তমানে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। গল্পের মোড় অনুযায়ী, এই নিশাই বাংলার ‘টপ সাইবার ক্রিমিনাল’, যাকে ধরতে তৎপর পুলিশ। একের পর এক টুইস্ট, রহস্য আর নাটকীয়তায় ভরপুর এই ট্র্যাক দর্শকদের টানটান উত্তেজনায় বেঁধে রেখেছে।

শেষ আপডেট: 27 March 2026 16:25
জয়িতা চন্দ্র
পর্দায় তিনি ভয়ংকর, ঠান্ডা মাথার সাইবার অপরাধী। কিন্তু ক্যামেরার বাইরে? অভিনেতাদের ক্ষেত্রে অধিকাংশ সময়ই চরিত্রের ছায়া পিছু ছাড়ে না। টলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das), যিনি পর্দায় এখন নিশা।
বর্তমানে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। গল্পের মোড় অনুযায়ী, এই নিশাই বাংলার ‘টপ সাইবার ক্রিমিনাল’, যাকে ধরতে তৎপর পুলিশ। একের পর এক টুইস্ট, রহস্য আর নাটকীয়তায় ভরপুর এই ট্র্যাক দর্শকদের টানটান উত্তেজনায় বেঁধে রেখেছে। নিশা কি সত্যিই কোটি টাকার সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত? এই প্রশ্নের উত্তর এখন দর্শকদের অজানা নয়।
তাই বলে রিল-রিয়েল লাইফ এভাবে মিলে-মিশে যাবে, ভাবতে পারেননি শ্রুতি। এই নেগেটিভ চরিত্রটিকেই এমন বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি পর্দায়, যে বাস্তবে তাঁকে রীতিমত অপ্রস্তুতে পড়তে হচ্ছে। দ্য ওয়ালকে শ্রুতি বলেন, “আমি নিজেও ভাবিনি যে এতটা ভালোভাবে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পারব।” তাঁর অভিনয় দক্ষতায় ‘নিশা’ এখন দর্শকদের মনে এক দাপুটে চরিত্র।
তবে এই সাফল্যের সঙ্গে জুড়েছে এক অদ্ভুত বাস্তব অভিজ্ঞতা। বহু দর্শকই পর্দার চরিত্রকে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলেন। শ্রুতির ক্ষেত্রেও এবার তেমনটাই ঘটল। শ্রুতির কথায়, একবার তিনি স্ক্যানার চাইতেই এক ব্যক্তি এমনভাবে তাঁর দিকে তাকান, যেন তিনি সত্যিই সব টাকা হাতিয়ে নেবেন! “আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, সত্যিই আমি সব টাকা নিয়ে নেব,” হাসতে হাসতেই বললে শ্রুতি।
এই অভিজ্ঞতা একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে তেমনই অভিনয়ের সার্থকতারও প্রমাণ। কারণ একজন অভিনেতার সবচেয়ে বড় সাফল্য তখনই, যখন দর্শক তাঁর চরিত্রকে এতটাই বিশ্বাস করে ফেলেন যে বাস্তব-অবাস্তবের সীমানা মুছে যায়।
তবে ঘটনাটা শ্রুতির কাছে একজন অভিনেতা হিসেবে আনন্দের। তাঁর কথায়, “চরিত্র হিসেবে এটাই সার্থকতা।”