প্রথমে দেখলে মনে হবে শুধু একটা আস্ত কাচ, তাতে যেন এলোমেলোভাবে ভাঙচুর করা হয়েছে। কিন্তু যত ক্যামেরা দূরে সরে যাবে, স্পষ্ট হতে থাকবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুখাবয়ব।

ভাঙা কাচে শাহরুখের ছবি!
শেষ আপডেট: 17 July 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে দেখলে মনে হবে শুধু একটা আস্ত কাচ, তাতে যেন এলোমেলোভাবে ভাঙচুর করা হয়েছে। কিন্তু যত ক্যামেরা দূরে সরে যাবে, স্পষ্ট হতে থাকবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুখাবয়ব। অবিশ্বাস্য মনে হলেও সত্যি—ভাঙা কাচের মাধ্যমেই তৈরি হয়েছে কিং খানের নিখুঁত প্রতিকৃতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একটি কাঁচের প্যানেল—তাতে অসংখ্য ভাঙা দাগ। প্রথমে কিছুই বোঝা যায় না। কিন্তু ধীরে ধীরে দূর থেকে স্পষ্ট হয়ে ওঠে শাহরুখ খানের মুখ। এক ভক্ত এই অভিনব শিল্পকর্ম তৈরি করেছেন ভাঙা কাচ দিয়েই। নিখুঁত ছাঁদ, আলো ও ছায়ার ব্যবহারে ফুটে উঠেছে বলিউডের বাদশার প্রতিচ্ছবি।
ভিডিওটি ঘিরে উপচে পড়েছে প্রশংসা। এক দর্শক লিখেছেন, ‘শাহরুখের জন্য এসব পাগলামো মানায়। দুর্দান্ত হয়েছে।’ আর-একজনের মন্তব্য, ‘এটাই তো কিং খানের প্রতি ভালবাসা। শাহরুখের এটা দেখা উচিত। মানুষ তাঁকে ঠিক কতটা ভালবাসে।’ অন্য একজন কমেন্টে লিখেছেন, 'যেটা বানিয়েছেন, আর যিনি বানিয়েছেন, সত্যিই নজরকাড়া।'
শাহরুখ খানের অনুরাগীদের পাগলামির উদাহরণ কম নেই। কেউ জন্মদিনে তাঁর বাড়ির সামনে ভিড় করেন, কেউ আবার সিনেমা হলের সামনে দুধ ঢেলে তাঁর পোস্টারে পুজো দেন। কারও ঘরের দেওয়ালে শুধু কিং খানের ছবি সাজানো, কেউ তাঁর সংলাপ মুখস্থ করে বলেন প্রতিদিন। তবে এই ভক্তের কাজ একেবারে আলাদা। একটাও রং বা তুলি ব্যবহার না করে শুধু কাচ ভেঙে তৈরি করেছেন শাহরুখের ছবি।