তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনের আগে তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুলপ্রীত সিংয়ের নামে জাল ভোটার কার্ড ভাইরাল। তিন নায়িকার একই ঠিকানায় ভোটার আইডি মেলায় তদন্তে নেমেছে নির্বাচন কমিশন।
.jpeg.webp)
তামান্না ভাটিয়া - সামান্থা রুথ প্রভু
শেষ আপডেট: 17 October 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১১ নভেম্বর তেলেঙ্গনার জুবিলি হিলস বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার প্রাক্কালে বড়সড় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং।
নির্বাচনী আবহে এই তিন জনপ্রিয় নায়িকার ভুয়ো ভোটার কার্ড ছড়িয়ে পড়েছে জুবিলি হিলস এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে বাধ্য হতে হয়েছে।
ভাইরাল হওয়া এই জাল ভোটার কার্ডগুলিতে একাধিক চমকপ্রদ তথ্য রয়েছে। জানা গেছে, ভুয়ো তৈরি করা এই তিনটি ভোটার কার্ডে তিন নায়িকার বাড়ির ঠিকানা একই উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই তদন্তে নেমেছে। কীভাবে একই সঙ্গে সিনে-জগতের তিন জনপ্রিয় অভিনেত্রীর জাল ভোটার পরিচয়পত্র এভাবে তৈরি হল এবং ভাইরাল হল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে জলঘোলা হওয়ার বিষয়ে এই তিন অভিনেত্রীর কেউই এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
ভোট কারচুপির ঘটনা দেশে নতুন না হলেও, একইসঙ্গে তিন জনপ্রিয় অভিনেত্রীর জাল ভোটার পরিচয়পত্র এভাবে প্রকাশ্যে আসা একেবারেই বিরল ঘটনা।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু হওয়ায় আসনটি ফাঁকা হয়। এই উপনির্বাচনে কংগ্রেসের তরফে ভোট লড়ছেন ভি নবীন যাদব। বিআরএস প্রার্থী হিসেবে রয়েছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। বিজেপি প্রার্থী দীপক রেড্ডি-ও এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্প্রতি বিআরএস (BRS) দল কংগ্রেসের বিরুদ্ধে হাজার হাজার ভুয়ো ভোটার পরিচয়পত্র তৈরি করার অভিযোগ তুলে তেলেঙ্গনা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। এখন এই তিন নায়িকা সেই রাজনৈতিক বিতর্কের গেরোয় পড়েছেন কি না, নির্বাচন কমিশন আপাতত সেই বিষয়টিই খতিয়ে দেখছে বলে জানা গেছে।