প্রথমে ভিডিওটি তেজস্বী যাদব নিজেই তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়।

মনোজ বাজপেয়ী
শেষ আপডেট: 17 October 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ পরেই বিহারে নির্বাচন (Bihar Elections)। ইতিমধ্যে পুরোদমে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। আর সেই প্রচারের আলোয় না চাইতেই ঢুকে পড়েছেন একজন। তাঁর নাম মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। হ্যাঁ, বলিউডের এই অভিনেতাকে ঘিরে এখন তৈরি হয়েছে কৌতূহল। জল্পনা তিনি লালু প্রসাদ-তেজস্বী যাদবের আরজেডির (RJD) হয়ে প্রচার করছেন।
সম্প্রতি তেজস্বী যাদবের (Tejashwi Yadav) শেয়ার করা একটি ভিডিও ঘিরে কৌতূহল জন্মায়। অনেকেই মনে করছেন, আরজেডি-র আইটি সেল (RJD IT Cell) তৈরি করেছে ওই ভিডিও, যেখানে অভিনেতা মনোজ বাজপেয়ীকে দলের সমর্থক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু অভিনেতার দাবি, ভিডিওটি (Viral Video) আসলে তাঁর পুরনো একটি বিজ্ঞাপনের, যার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই।
বাজপেয়ী সরাসরি না বললেও, ভিডিওর নির্মাতাদের অনৈতিক কাজের জন্য কড়া ভাষায় সমালোচনা করেছেন। প্রথমে ভিডিওটি তেজস্বী যাদব নিজেই তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়। তবে তবে মনোজ ক্ষোভ প্রকাশ করার পর বিতর্ক বাড়তেই পোস্টটি মুছে ফেলা হয়।
পরে মনোজ বাজপেয়ী টুইট করে লেখেন - আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই বা আমার কোনও দলের প্রতি আনুগত্যও নেই। ভিডিওটি একেবারে ভুয়ো। তিনি এও জানান, অনলাইন একটি প্ল্যাটফর্মের জন্য তিনি একটি বিজ্ঞাপন করেছিলেন, সেটিরই বিকৃত সংস্করণ এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা এই অভিনেতা আগে থেকেই রাজনীতির সঙ্গে তাঁর দূরত্ব বজায় রেখেছেন। ২০২২ সালে তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বটে, তখনই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল বাজপেয়ীর রাজনীতিতে আসা নিয়ে। কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, “আমি ২০০ শতাংশ নিশ্চিত, রাজনীতিতে যোগ দেব না। এই প্রসঙ্গই ওঠে না।” ২০২৫ সালে বিহার ভোটের মুখে আবারও একই গুঞ্জন শুরু হয়েছে তাঁকে নিয়ে। তবে এবারও বিষয়টি স্পষ্ট করে দিলেন অভিনেতা।