হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্তা।

হার্দিক পান্ডিয়া ও এষা গুপ্তা
শেষ আপডেট: 25 June 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্তা। জানালেন, এক সময় ক্রিকেটার হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর, কিন্তু তা কখনও প্রেমের সম্পর্কে পৌঁছয়নি।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব সাক্ষাৎকারে এসে এষা বলেন, “হ্যাঁ, বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল। তবে আমি কখনও একে ডেটিং বলব না। হ্যাঁ, আমরা কথা বলতাম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আর বাস্তব হয়নি।” তিনি আরও জানান, সময় ও পরিস্থিতির কারণে সম্পর্ক গভীরে যায়নি, এবং তাদের মধ্যে কোনও তিক্ততাও তৈরি হয়নি।
২০১৯ সালের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন এষা ছিলেন প্রথম সারির তারকাদের একজন, যিনি প্রকাশ্যে সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন। এষা গুপ্তাকে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ ছবিতে ডিসিপি লক্ষ্মী রাঠির ভূমিকায়। শোনা যাচ্ছে, তিনি ‘হেরাফেরি ৩’-তেও অভিনয় করতে পারেন, যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে জানা যায়, বর্তমানে এষা স্পেনে বসবাসকারী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস-সহ একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
অন্যদিকে, ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার দাম্পত্যজীবনও রয়েছে আলোচনায়। মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে গত বছর। তবে তাঁদের সন্তান অগস্ত্যকে দু’জনেই যৌথভাবে বড় করছেন বলে প্রকাশ্যে জানানো হয়েছে।