ধোনির পর এবার পালা ‘দাদা’র। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক যেমন বাজিমাত করেছিল পর্দায়, এবার সেই রাস্তায় হাঁটছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজকুমার রাও
শেষ আপডেট: 25 June 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: ধোনির পর এবার পালা ‘দাদা’র। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক যেমন বাজিমাত করেছিল পর্দায়, এবার সেই রাস্তায় হাঁটছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বহু প্রতীক্ষিত এই বায়োপিক নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। কে হবেন সৌরভ? কে তুলতে পারবেন তাঁর সেই ক্যারিশমা? সব জল্পনার অবসান ঘটিয়ে, এবার নিজেই মুখ খুললেন রাজকুমার রাও।
‘হ্যাঁ, আমি দাদার চরিত্রে অভিনয় করছি’— NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার। বললেন, “দাদা আগেই বলেছেন, এবার আমি অফিসিয়ালি জানাচ্ছি—আমি অভিনয় করছি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে। খুব নার্ভাস লাগছে। এটা একটা বিশাল দায়িত্ব, কিন্তু দারুণ মজার হতে চলেছে!”
অভিনেতার চ্যালেঞ্জ শুধু ব্যাট ধরার অভিনয় নয়, বরং বাংলার টানটান উচ্চারণও। তবে সেই লড়াইয়ে তাঁর বড় ভরসা স্ত্রী পত্রলেখা, যিনি নিজেও বাঙালি। বহু বছর ধরেই বাংলা ভাষা এবং উচ্চারণ নিয়ে পরিশ্রম করছেন রাজকুমার। বোঝাই যাচ্ছে, ‘দাদা’র মতো করে ‘দাদা’ হওয়ার চেষ্টায় কোনও খামতি রাখছেন না তিনি।
সৌরভ নিজেও আগেই ইঙ্গিত দিয়েছিলেন রাজকুমার রাওয়ের নাম, যদিও শ্যুটিংয়ের তারিখ ও মুক্তির দিন এখনও চূড়ান্ত নয়। সম্ভবত আরও এক বছর সময় লাগতে পারে ছবিটি বড় পর্দায় আসতে। এই বায়োপিকে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেটে আনা বড় পরিবর্তন এবং সর্বোপরি, সেই ‘লর্ডস’-এর বিখ্যাত জার্সি ওড়ানো মুহূর্তও!
এদিকে রাজকুমার রাওয়ের শেষ ছবি ‘ভুল চুক মাফ’ বক্স অফিসে বেশ ভাল ফল করেছে। দর্শক পছন্দ করেছেন তাঁকে ওয়ামিকা গাব্বির সঙ্গে জুটিতে। এবার বড় পরীক্ষা দাদার চরিত্রে—সিনেমা হলে রাজকুমার সত্যিই ছয় হাঁকাতে পারেন কিনা, সেটাই দেখার।