মুম্বইয়ে Sunburn Festival-এ যাওয়ার পথে তাঁর গাড়িকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ধাক্কার অভিঘাতে জখম হয়েছেন অভিনেত্রী।

নোরা ফাতেহি।
শেষ আপডেট: 20 December 2025 21:58
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ে Sunburn Festival-এ যাওয়ার পথে তাঁর গাড়িকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ধাক্কার অভিঘাতে জখম হয়েছেন অভিনেত্রী।
ওই অনুষ্ঠানে গ্র্যামি পুরস্কার বিজয়ী ডেভিড গ্যেট্টা-র পারফর্ম করার কথা ছিল। সেখানেই বিখ্যাত শিল্পীর সঙ্গে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন নোরা ফাতেহি। তিনি যখন আমেরিকান ডিজে-র কনসার্টের দিকে যাচ্ছিলেন, তখন এক মদ্যপ চালক এসে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে। তাতে আঘাত লাগে নৃত্যশিল্পীর।
একটি সূত্রে জানা গিয়েছে, নোরা ফাতেহি দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় পড়েছেন। তাঁর টিম সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে দেখেন। সিটি স্ক্যান করা হয়েছে। ডাক্তাররা জানান, শরীরের ভিতরে কোনও রক্তক্ষরণের চিহ্ন মেলেনি। দুটি গাড়ির সজোরে ধাক্কার অভিঘাতে সামান্য আঘাত লেগেছে তাঁর।
তাঁর টিম জানিয়েছে, ডাক্তাররা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, নোরা ওই অনুষ্ঠানে নিষেধ অমান্য করেই যান। এবং পেশাগত প্রতিশ্রুতি রক্ষা করে সানবার্ন ২০২৫ ফেস্টিভ্যালে নির্দিষ্ট অনুষ্ঠান করেন। দুর্ঘটনার পর তাঁর গাড়ির তুবড়ে যাওয়া ছবিটিও পোস্ট করা হয়েছে।