নীতিশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এ ডবল রোলে থাকছেন রণবীর কাপুর।

শেষ আপডেট: 4 April 2026 17:24
দ্য ওয়াল ব্যুরো: নীতিশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’ (Ramayana Movie) ছবিতে রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক নিয়ে গত কয়েক দিন ধরেই জোর চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার যে তথ্য সামনে এসেছে, তা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। লস অ্যাঞ্জেলসে আয়োজিত ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে রণবীর নিজেই জানান, ‘রামায়ণ: পার্ট ১’-এ তাঁকে দেখা যাবে 'ডবল রোল'-এ। শ্রীরামচন্দ্রের পাশাপাশি তিনি অভিনয় করছেন ভগবান পরশুরামের চরিত্রেও।
ভগবান বিষ্ণুর অবতারদের মধ্যে রাম এবং পরশুরাম, দু’জনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্র। রণবীর জানিয়েছেন, এই দুই চরিত্রের স্বভাব ও মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। একদিকে পরশুরামের রুদ্র ও ক্রোধী রূপ, অন্যদিকে রামচন্দ্রের শান্ত ও ধৈর্যশীল ব্যক্তিত্ব— এই দুই বিপরীত মেজাজকে একই সঙ্গে পর্দায় তুলে ধরা তাঁর কাছে ছিল বড় চ্যালেঞ্জ। চরিত্রের আধ্যাত্মিকতা, আবেগ বোঝার জন্য শুটিং শুরুর প্রায় এক বছর আগেই প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।
শুধু অভিনয়ের দিক থেকেই নয়, চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করতে নিজের জীবনযাত্রাতেও বড় পরিবর্তন এনেছেন রণবীর কাপুর। পর্দার ‘রাম’ হয়ে ওঠার জন্য তিনি সম্পূর্ণভাবে আমিষ ত্যাগ করে নিরামিষাশী হয়েছেন। ধূমপান এবং মদ্যপান থেকেও নিজেকে দূরে রেখেছেন। একই সঙ্গে সুঠাম শরীর গড়ে তুলতে প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা জিমে সময় দিয়েছেন। শ্রীরামচন্দ্রের প্রধান অস্ত্র ধনুক হওয়ায় আলাদা করে ধনুর্বিদ্যার প্রশিক্ষণও নিয়েছেন তিনি, যাতে চরিত্রটি আরও বাস্তবসম্মতভাবে ফুটে ওঠে।
২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। একসঙ্গে রাম ও পরশুরামের মতো দুই গুরুত্বপূর্ণ অবতারকে রণবীর কাপুর কতটা সফলভাবে বড় পর্দায় তুলে ধরতে পারেন, এখন সেটাই দেখার।