মুক্তির তিন দিনেই একশো কোটি পেরিয়ে ‘ধুরন্ধর’-এর দাপট!

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 10 December 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে এখনও ঝড় তুলছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। মুক্তির পর মাত্র তিন দিনেই ছবিটির নেট কালেকশন পেরিয়ে যায় একশো কোটির গণ্ডি। পরের দু’দিনে আয় কিছুটা কমলেও মোট সংগ্রহ ইতিমধ্যেই দেড়শো কোটির ওপরে। স্বাভাবিকভাবেই বে়ড়ে চলেছে ছবির সিকোয়েল ‘ধুরন্ধর ২’–এর প্রত্যাশা (Ranveer Singh)। ইদের সময় মুক্তি পেতে চলেছে সিক্যুয়েলটি।
এই সময়েই প্রেক্ষাগৃহে আসার কথা ছিল অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত ‘ধামাল ৪’–এরও (Dhamal 4)। কিন্তু ‘ধুরন্ধর’-এর দুর্দান্ত বক্স অফিস দাপট দেখে অজয় সিদ্ধান্ত নিয়েছেন, ইদের সময় আর ছবিটি মুক্তি দেবেন না। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, তাঁর কমেডি ছবি মুক্তি পাবে মে মাসে। একই দিনে মুক্তি পেতে চলেছে যশ অভিনীত প্যান–ইন্ডিয়া ছবি ‘টক্সিক’–ও। ফলে ইদের উইকএন্ডে ধাক্কাধাক্কি এড়াতেই অজয়ের এই কৌশলগত পদক্ষেপ বলে মত শিল্প বিশেষজ্ঞদের।
রণবীর সিংয়ের ফিল্মিগ্রাফি দেখে প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ‘ধুরন্ধর’ প্রথম দিনে বড়জোর ২০ কোটি টাকার ব্যবসা করতে পারে। কিন্তু সেই অনুমান ভুল প্রমাণ করে ছবি প্রথম দিনেই আয় করে ২৮ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩২ কোটি, আর তৃতীয় দিনের রবিবারে লাফিয়ে বেড়ে হয় ৪৩ কোটি।
সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত দেশের বক্স অফিসে সংগ্রহ ১৫২.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ২২৪.৭৫ কোটি টাকা, যা ইতিমধ্যেই ভেঙে দিয়েছে ২০২৫ সালের ব্লকবাস্টার ‘সাইয়ারা’-র রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, ছবিটি আরও বড় দৌড়ের দিকে এগোচ্ছে।
এদিকে ছবির এমন অভূতপূর্ণ সাফল্য উদ্যাপন করতে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন গিয়েছেন আবু ধাবি। সেখানে ফর্মুলা ওয়ান রেসের গ্যালারিতে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে সময় কাটাতে।