ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এবার যেন নিজের পরিচিত ছক ভেঙে একেবারেই নতুন রূপে হাজির। এক বহুতলের সামনে দাঁড়িয়ে, পিঠখোলা পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

সোনামনি
শেষ আপডেট: 10 December 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এবার যেন নিজের পরিচিত ছক ভেঙে একেবারেই নতুন রূপে হাজির। এক বহুতলের সামনে দাঁড়িয়ে, পিঠখোলা পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। আর তাঁর পিঠ জুড়ে ফুটে থাকা ট্যাটু—কেন্দ্রবিন্দু। প্রথম দেখায় যে ট্যাটুটি শুধু অলঙ্কারের মতোই মনে হয়, একটু গভীরভাবে তাকাতেই বোঝা যায়—এটি ‘সেভেন চক্র’-এর প্রতীক; মানবদেহের সাতটি শক্তিকেন্দ্রকে একাকার করে আঁকা।
টেলিভিশনের পর্দায় মোহর, রাধিকা কিংবা সুধা—বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা অভ্যস্ত দর্শকদের। সাধারণত শাড়ি বা সালোয়ার-স্যুটেই ধরা দেন তিনি, তাই এই খোলামেলা অবয়ব দেখে স্বাভাবিকভাবেই অবাক অনেকেই। কেউ বিরূপ মন্তব্য ছুড়ে দিয়েছেন—“আপনাকে শাড়িতেই ভালো লাগে।” আবার কারও প্রশ্ন, “এভাবে পিঠ দেখানোর প্রয়োজন কী?” নানা কটূক্তি ঘুরে বেড়ালেও, সোনামণি কিন্তু একবারও মুখ খোলেননি।
তবে নজর কেড়েছে আরও এক মন্তব্য—যাঁকে নায়িকার ‘গুঞ্জন-প্রেমিক’ বলেই বহুদিন ধরে চেনে টেলিপাড়া, সেই প্রতীক সেনের লেখা: “তারাপীঠ দর্শন হল… জয় মা।” তার উত্তরে সোনামণির সংক্ষিপ্ত প্রতিক্রিয়া—“আশীর্বাদ।” এই এক শব্দেই যেন অজস্র জল্পনার জন্ম।
নিজের ট্যাটু নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী জানান, ঘাড়ের গোড়া থেকে কোমর পর্যন্ত—পুরো শিরদাঁড়া জুড়ে স্থান পেয়েছে এই চক্রচিহ্ন। মূলাধার থেকে সহস্রার—সাতটি শক্তিকেন্দ্রের ধারায় গড়ে উঠেছে তাঁর এই শিল্পকর্ম। শুধু পিঠেই নয়, শরীরের আরও কয়েকটি অংশেও রয়েছে তাঁর ট্যাটু, যা তাঁর আত্মপরিচয়েরই অংশ।
স্পষ্টতই বোঝা যায়—পর্দার ‘সুধা’ বা ‘মোহর’-এর সীমা ছাড়িয়ে এখন নিজের আলাদা পরিচয় তৈরি করছেন সোনামণি। সাহসী পোশাক, বোল্ড লুক আর প্রতীকী ট্যাটুর মাধ্যমে যেন তিনি জানিয়ে দিচ্ছেন—নিজেকে সাজিয়ে তুলছেন নতুন করে।