স্ট্রিমিং দুনিয়ায় দর্শকের মনোযোগ ধরে রাখা এখন এক কঠিন লড়াই। অসংখ্য শো, ছবি আর রিয়েলিটি ফরম্যাটের মাঝে দর্শক কোনটা দেখবেন ঠিক করতেই অনেক সময় হারিয়ে ফেলেন।

শেষ আপডেট: 10 December 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: স্ট্রিমিং দুনিয়ায় দর্শকের মনোযোগ ধরে রাখা এখন এক কঠিন লড়াই। অসংখ্য শো, ছবি আর রিয়েলিটি ফরম্যাটের মাঝে দর্শক কোনটা দেখবেন ঠিক করতেই অনেক সময় হারিয়ে ফেলেন। সেই দীর্ঘ বাছাই-পর্বকে আরও সহজ, দ্রুত এবং চোখের আরামদায়ক করতে মোবাইল অ্যাপে এক বড় বদলের পথে হাঁটল নেটফ্লিক্স। শুরু করল টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতো ভিডিও স্ক্রল—তবে উদ্দেশ্য নিছক অনুকরণ নয়, বরং দর্শককে নিজের প্ল্যাটফর্মেই আটকে রাখা।
নেটফ্লিক্সের সিটিও এলিজাবেথ স্টোন জানালেন, এই নতুন ফিচারকে সোশ্যাল মিডিয়ার কপি ভাবার ভুল করবেন না। তাঁদের লক্ষ্য দর্শকের বিনোদন-অন্বেষণকে আরও সরল করা। সোশ্যাল এনগেজমেন্ট নয়, বরং কনটেন্ট আবিষ্কারের সহজতাই নেটফ্লিক্সের কাছে মুখ্য। তাই ছোট ছোট ক্লিপ দেখতে দর্শককে অন্য কোথাও গিয়ে খুঁজতে হবে না, অ্যাপের মধ্যেই মিলবে সব। ফলে অ্যাপে কাটানো ‘ফাঁকা সময়’টুকুও কাজে লাগবে নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য।
অ্যাপের এই স্ক্রলিং অভিজ্ঞতা বিপণনের দিক থেকেও নেটফ্লিক্সকে শক্তিশালী করতে পারে। দ্রুত ছুটে যাওয়া এই সংক্ষিপ্ত ক্লিপগুলো হয়তো দর্শককে পুরো কনটেন্ট দেখার জন্য আরও আগ্রহী করে তুলবে। আপাতত সীমিত পরিসরে ফিচারটি পরীক্ষা চলছে, আর ২০২৬ পর্যন্ত এই পরীক্ষামূলক প্রয়াস চালাবে নেটফ্লিক্স। ফলাফল সন্তোষজনক হলে তখনই মিলবে বড় আকারে লঞ্চের সিদ্ধান্ত।
এর পাশাপাশি স্ট্রিমিংয়ের সীমাবদ্ধতা ভেঙে আরও এগোতে চাইছে নেটফ্লিক্স। টেকক্রাঞ্চ ডিসরাপ্ট ২০২৫ মঞ্চে দাঁড়িয়ে স্টোন জানালেন, শুরু হচ্ছে ইন্টার্যাকটিভ ও ইমার্সিভ ফিচারের পরবর্তী অধ্যায়। দর্শক নাকি এবার সরাসরি লাইভ শোয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবেন—তাঁদের ভোটেই বদলে যাবে দৃশ্যের পরিণতি।
এই ব্যবস্থা ইতিমধ্যেই পরীক্ষা হচ্ছে লাইভ কুকিং শো ‘ডিনার টাইম লাইভ উইথ ডেভিড চ্যাং’-এ। এবার আসছে ‘স্টার সার্চ’-এর পুনরুজ্জীবিত সংস্করণেও। লাইভ স্ট্রিম চলাকালীন স্ক্রিনেই ফুটে উঠবে ভোট দেওয়ার অপশন, যদিও যারা পরে যুক্ত হবেন বা রিওয়াইন্ড করবেন, তাঁদের জন্য সেই জানালা বন্ধ হয়ে যাবে অল্প সময়েই।
শুধু ভোটিং নয়—নেটফ্লিক্সের হাতে আরও নতুন খেলা। টিভির জন্য পার্টি গেমস, প্রতিক্রিয়াশীল পডকাস্ট—সব মিলিয়ে ভবিষ্যতের নেটফ্লিক্স হতে চায় আরও প্রাণবন্ত, আরও অংশগ্রহণমূলক।
এদিকে মোবাইলের নতুন স্ক্রলে মিলবে নেটফ্লিক্সের নিজস্ব অরিজিনাল আর লাইসেন্সড কনটেন্টের ছোট ছোট লুপিং ক্লিপ। দর্শক একটানে স্ক্রল করে পাড়ি দিতে পারবেন অগণিত টাইটেলের ঝলক; কোনটা দেখবেন, তার সিদ্ধান্তও হবে আরও দ্রুত। অবসরের অমূল্য মিনিটগুলো আর নষ্ট হবে না অন্তহীন ব্রাউজে—এটাই নাকি নেটফ্লিক্সের আশা।
পরীক্ষা চলছে, পরিবর্তনের স্রোতও বইছে। কিন্তু বড় প্রশ্ন থেকে যায়—দর্শক কি চান নেটফ্লিক্সের এই নতুন পথে হাঁটতে, নাকি পুরনো পরিচিত ব্রাউজিং অভিজ্ঞতাই তাঁদের কাছে বেশি স্বাচ্ছন্দের?