শো-এর আয়োজক ছুটে গিয়ে তাঁকে সাহায্য করেন। কিছুক্ষণ বন্ধ থাকে অনুষ্ঠান। উপস্থিত মেডিক্যাল টিম দ্রুত মঞ্চে উঠে গায়কের আঘাতের জন্য পরীক্ষা করেন।

শেষ আপডেট: 9 December 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: লাইভ পারফরম্যান্স চলাকালীন মঞ্চেই হঠাৎ পড়ে গেলেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। ভোপালের এইমস আয়োজিত ‘রেটিনা ৮.০’ অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। মুহূর্তে থমকে যায় শো, আতঙ্ক ছড়ায় দর্শকদের মধ্যে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় ধরা পড়েছে সেই দৃশ্য।
৫৯ বছরের গায়ক সেদিন গাইছিলেন ‘নাদান পরিন্দে’— রকস্টার ছবির জনপ্রিয় গান। গানটির ক্লাইম্যাক্সে তিনি মঞ্চের সামনে এগিয়ে আসতেই হঠাৎ এক স্টেজ লাইটে পা আটকে ভারসাম্য হারান। চোখের পলকে মাটিতে পড়ে যান মোহিত। চারদিক থেকে চিৎকার, সংগীত হঠাৎ থেমে যাওয়া—পুরো অডিটোরিয়াম স্তব্ধ।
শো-এর আয়োজক ছুটে গিয়ে তাঁকে সাহায্য করেন। কিছুক্ষণ বন্ধ থাকে অনুষ্ঠান। উপস্থিত মেডিক্যাল টিম দ্রুত মঞ্চে উঠে গায়কের আঘাতের জন্য পরীক্ষা করেন। যদিও বড় ধরনের চোটের খবর পাওয়া যায়নি, তবে গোটা ঘটনাই শো'র পরিবেশ মুহূর্তে বদলে দেয়।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেননি শিল্পী। তবে তিনি সুস্থ আছেন। ঠিক এরকমই এক কনসার্ট চলাকালীন কেকে'র সেই শোচনীয় পরিণতির কথা সকলেরই জানা। সেই কনসার্ট আবার হয়েছিল খোদ কলকাতায়। তাই সে দিনের ঘটনায় উদ্বেগ বাড়ে দর্শকদের মধ্যেও। যদিও মন্দের ভাল পায়ে হোঁচট খেয়েই পড়েন মোহিত।
গত কয়েক বছর ধরেই সিনেমায় মোহিত চৌহানের গান তুলনামূলক কম শোনা গেলেও তাঁর গলায় ‘তুম সে হি’, ‘সাড্ডা হক’, ‘ইলাহি’— এখনও অজস্র শ্রোতার হৃদয়ে অটুট। সম্প্রতি তিনি প্লেব্যাক করেছেন রাম চরণ অভিনীত আসন্ন ছবি পেড্ডি-র গানে। এ আর রহমানের সুর এবং রাকিব আলমের কথায় নির্মিত সেই গানের নাম ‘চিকরি চিকরি’।