ছবি মুক্তির এখনও ৪৮ ঘণ্টাও বাকি নেই, তার মধ্যেই দেশজুড়ে প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই বিক্রি হয়েছে পেইড প্রিভিউ শোগুলির জন্য। শুধু ভারতেই নয়, বিদেশেও দুর্দান্ত সাড়া ফেলেছে ছবিটি। উত্তর আমেরিকায় প্রি-সেল থেকেই ৫ মিলিয়ন ডলার আয় করে ইতিমধ্যেই নজির গড়েছে এই ছবি।
.jpeg.webp)
শেষ আপডেট: 17 March 2026 13:56
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগেই একের পর এক রেকর্ড গড়তে শুরু করেছে ধুরন্ধর ২ (Dhurandhar 2: The Revenge)। পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর এই বহু প্রতীক্ষিত ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর সেই উত্তেজনারই সরাসরি প্রভাব পড়েছে ছবির আগাম টিকিট বুকিংয়ে—যেখানে একের পর এক রেকর্ড ভেঙে ফেলছে ধুরন্ধর ২।
ছবি মুক্তির এখনও ৪৮ ঘণ্টাও বাকি নেই, তার মধ্যেই দেশজুড়ে প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই বিক্রি হয়েছে পেইড প্রিভিউ শোগুলির জন্য। শুধু ভারতেই নয়, বিদেশেও দুর্দান্ত সাড়া ফেলেছে ছবিটি। উত্তর আমেরিকায় প্রি-সেল থেকেই ৫ মিলিয়ন ডলার আয় করে ইতিমধ্যেই নজির গড়েছে এই ছবি। সব মিলিয়ে বিশ্বজুড়ে অ্যাডভান্স বুকিং থেকে আয় ১২৫ কোটিরও বেশি।
দর্শকের এই বিপুল চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রেক্ষাগৃহগুলো। ছবির দৈর্ঘ্য প্রায় ৪ ঘণ্টার কাছাকাছি হওয়ায় প্রতিটি স্ক্রিনে দিনে খুব বেশি শো রাখা সম্ভব হচ্ছে না। তাই অনেক জায়গাতেই রাত জেগে শো চালানোর সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। দেশের একাধিক শহরে এখন মাঝরাত থেকে ভোর পর্যন্ত শো রাখা হচ্ছে—যা ভারতীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।
মুম্বই ও থানে-সহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে রাত ১টা-২টো থেকেও শো শুরু হচ্ছে, আবার দিনের শেষ শো চলছে রাত অবধি। আগামী দিনে আরও বহু শহরে এই ২৪ ঘণ্টার শো চালু হতে পারে বলেই খবর।
এই ছবির জনপ্রিয়তার আরেকটি বড় উদাহরণ দেখা গেল মুম্বইয়ের ঐতিহ্যবাহী মারাঠা মন্দির (Maratha Mandir)-এ। যেখানে গত ৩০ বছর ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেখানো হয় ‘দিলওয়ালে দুলহেনিয়া লে জায়েঙ্গে’ (Dilwale Dulhania Le Jayenge)। কিন্তু ‘ধুরন্ধর ২’-এর জন্য সেই ছবির শো-টাইম বদলে সকালে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে নতুন ছবিটির জন্য জায়গা করা যায়।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। তাঁর সঙ্গে অভিনয় করেছেন আর. মাধবান (R Madhavan), অর্জুন রামপাল (Arjun Rampal), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সারা অর্জুন ও রাকেশ বেদি। প্রথম ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছিল। ফলে এবার সিক্যুয়েলটি ২০০০ কোটির গণ্ডি পার করতে পারে বলেই আশা করছেন ট্রেড বিশ্লেষকরা।
সব মিলিয়ে, মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ যে এক নতুন ইতিহাস গড়তে চলেছে, তা বলাই যায়। এখন দেখার, বক্স অফিসে ঠিক কতটা বড় সাফল্য পায় এই বহুল প্রতীক্ষিত ছবি।