প্রকাশ্যে দিনের আলোয় হাইওয়ের ওপর তাঁদের লক্ষ্য করে হামলা চালাল দুষ্কৃতীরা। শারীরিক আক্রমণের চেষ্টার পাশাপাশি তাঁদের রীতিমতো তাড়া করা হয় বলেই উঠেছে অভিযোগ, যা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়।

শেষ আপডেট: 17 March 2026 12:09
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জান্নাত জুবায়ের (Jannat Zubair) এবং তাঁর ভাই আয়ান জুবায়ের (Ayaan Zubair) সঙ্গে এ কী ঘটল? সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন তাঁরা। প্রকাশ্যে দিনের আলোয় হাইওয়ের ওপর তাঁদের লক্ষ্য করে হামলা চালাল দুষ্কৃতীরা। শারীরিক আক্রমণের চেষ্টার পাশাপাশি তাঁদের রীতিমতো তাড়া করা হয় বলেই উঠেছে অভিযোগ, যা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়।
জান্নাতের টিমের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত আতঙ্কজনক। বিবৃতিতে বলা হয়েছে, “জান্নাত ও আয়ান গতকাল দিনের আলোয় হাইওয়েতে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েন, যেখানে তাঁদের শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করা হয় এবং তাঁদের গাড়িকে তাড়া করা হয়।” যদিও ঘটনাটি নিঃসন্দেহে উদ্বেগজনক, তবুও অনুরাগীদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে বর্তমানে দু’জনেই সুস্থ আছেন।
এই ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশাসনের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, জান্নাতের টিম সোশ্যাল মিডিয়ায় সকলকে অনুরোধ করেছে, সকলেই যেন এই ঘটনার বিষয়ে অযথা জল্পনা-কল্পনা বা ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন এবং শুধুমাত্র অফিসিয়াল আপডেটের উপর ভরসা করেন।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। কমেন্ট সেকশনে ভক্তরা তাঁদের সুস্থতা কামনা করে একের পর এক বার্তা পাঠিয়েছেন। কেউ লিখেছেন, “প্রার্থনা করি, তোমরা যেন সবসময় নিরাপদে থাকো।” আবার কেউ বলেছেন, “খবরটা শুনে খুব ভয় লাগছে, তবে তোমরা নিরাপদে আছো জেনে স্বস্তি পেলাম।”
উল্লেখ্য, জান্নাত বর্তমানে জনপ্রিয় কুকিং রিয়্যালিটি শো ‘Laughter Chefs’-এ অংশগ্রহণ করছেন, যার ফলে এই ঘটনার প্রভাব তাঁর কাজের উপর পড়বে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।