ভাইরাল শ্যুটিং স্টিলে একসঙ্গে সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল। ‘ধুরন্ধর ২’-এ কি তাঁরাই প্রধান খলনায়ক?

ফাইল চিত্র
শেষ আপডেট: 1 February 2026 15:16
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ বক্স অফিসে মুক্তির সঙ্গে সঙ্গেই যেন সুনামি বইয়ে দিয়েছিল। বছরের শেষের দিকে ছবিটি রেকর্ড ব্লকবাস্টার হিসেবে নিজের জায়গা পাকা করে নেয়। সেই সাফল্যের পর থেকেই দর্শকের নজর আটকে রয়েছে আদিত্য ধরের এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের দিকে। এরই মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু শ্যুটিং স্টিল নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। দাবি করা হচ্ছে, এগুলি ‘ধুরন্ধর ২’-এর (Dhurandhar 2) দৃশ্য।
ভাইরাল হওয়া ছবিগুলিতে একসঙ্গে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকে (এসপি চৌধুরী) এবং অর্জুন রামপালকে (মেজর ইকবাল)। উল্লেখযোগ্য বিষয় হল, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বে এই দুই চরিত্র কখনও এক ফ্রেমে ধরা দেননি। তাই অনুরাগীদের অনুমান, দ্বিতীয় পর্বে প্রধান দুই খলনায়কের ভূমিকায় থাকবেন তাঁরাই। ছবির গল্প যে আরও গাঢ় এবং ভয়ংকর মোড় নিতে চলেছে, সেই ইঙ্গিত স্পষ্ট।
সূত্রের খবর, রহমান ডাকাতের মৃত্যুর পর থেকেই শুরু হবে ‘ধুরন্ধর ২’-এর কাহিনি। এবার গল্পের কেন্দ্রে উঠে আসবে মেজর ইকবাল, যিনি প্রধান খলনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন হামজার দিকে। এই চ্যালেঞ্জ এমন, যা পার্ট ওয়ানে দর্শক কল্পনাও করতে পারেননি। ভাইরাল হওয়া শ্যুটিং স্টিল দেখে অনেকেরই ধারণা, এসপি চৌধুরী এবং মেজর ইকবালের মধ্যে কোনও গুরুতর চুক্তি বা সমঝোতা হতে চলেছে, যা গল্পের গতিপথ বদলে দেবে।
কবে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’? জানা গিয়েছে, আদিত্য ধর শুরুতে ছবিটি এক পর্বেই শেষ করতে চেয়েছিলেন। তবে প্রযোজনা সংস্থার পরামর্শে ‘ধুরন্ধর’কে দুই ভাগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল, তা বলাই বাহুল্য। নির্মাতারা জানিয়েছেন, দ্বিতীয় পর্বের বেশিরভাগ শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিছু অতিরিক্ত দৃশ্য সংযোজন করা হলেও ছবির মুক্তিতে খুব বেশি দেরি হয়নি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ মার্চ ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। উল্লেখ্য, প্রথম পর্বের পোস্ট-ক্রেডিট দৃশ্যেই এই সিক্যুয়েলের ইঙ্গিত দেওয়া হয়েছিল।
এদিকে, ‘ধুরন্ধর’ সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি নেটফ্লিক্সে সর্বাধিক দেখা সিনেমার তালিকায় উঠে আসে। যদিও ছবির ভিজ্যুয়াল নিয়ে কিছু সমালোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে নির্মাতাদের বক্তব্য, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রযুক্তিগত পার্থক্যের কারণেই রঙ ও ভিজ্যুয়ালের অভিজ্ঞতায় তফাত দেখা যাচ্ছে। তবে দর্শকদের প্রতিক্রিয়া মাথায় রেখেই আদিত্য ধর ছবির বিভিন্ন দিক নিয়ে পরবর্তী কাজ করেছেন বলে দাবি নির্মাতাদের।