ভিডিওর প্রথম অংশে ধরা পড়ে সাদাকালো সময়। সেখানে কালজয়ী ছবি ‘ইন্দ্রাণী’-র সংলাপ বলতে শোনা যায় দু’জনকে। সেই সংলাপের মাধ্যমেই শ্যামৌপ্তি প্রকাশ করেন, রণজয়ই তাঁর পছন্দের মানুষ।
.jpg.webp)
শেষ আপডেট: 1 February 2026 15:07
দ্য ওয়াল ব্যুরো: প্রেমদিবসকে সামনে রেখে টলিউডে (Tollywood) এখন উৎসবের আমেজ। আর মাত্র ১৩ দিনের অপেক্ষা, তারপরই চার হাত এক হতে চলেছে অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojay Bishnu) ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির। ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই জনপ্রিয় তারকা জুটি। বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। মাঝখানে রণজয় অসুস্থ হয়ে পড়লেও, সেই সময় একাই বহু আয়োজনের দায়িত্ব সামলেছেন শ্যামৌপ্তি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের আইবুড়োভাত পর্ব।
শপিং শেষ, শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন, বিয়ের আগে অনুরাগীদের জন্য বিশেষ এক উপহার নিয়ে হাজির হলেন রণজয় ও শ্যামৌপ্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন রণজয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি যেন তাঁদের প্রেমের গল্পেরই এক ঝলক—পুরনো দিনের রোম্যান্টিক আবহ আর আধুনিক সময়ের রঙিন অনুভূতির মেলবন্ধন।
ভিডিওর প্রথম অংশে ধরা পড়ে সাদাকালো সময়। সেখানে কালজয়ী ছবি ‘ইন্দ্রাণী’-র সংলাপ বলতে শোনা যায় দু’জনকে। সেই সংলাপের মাধ্যমেই শ্যামৌপ্তি মনের কথা প্রকাশ করেন, রণজয়ই তাঁর পছন্দের মানুষ। সেই মুহূর্তে রণজয়ের মৃদু হাসি যেন না বলা অনেক কথাই বলে দেয়।
এরপরই দৃশ্যপট বদলে যায়। সাদাকালো থেকে রঙিন বর্তমানের পথে পা রাখেন তাঁরা। পাহাড়ের কোলে একান্তে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘ধুরন্ধর’ ছবির গান ‘গেহরা হুয়া’। শেষ ফ্রেমে রণজয় জানিয়ে দেন, জীবনের নতুন গন্তব্যে পৌঁছতে আর মাত্র ১৩ দিনের অপেক্ষা। অনেকেই এই ভিডিওকে তাঁদের প্রি-ওয়েডিং বলেই ধরে নিচ্ছেন।
পর্দায় বহুদিন ধরেই জনপ্রিয় এই জুটি এবার বাস্তব জীবনেও স্বামী-স্ত্রীর সম্পর্কে বাঁধা পড়তে চলেছে। বসন্তের শুরুতেই টলিউডে বাজবে বিয়ের সানাই। প্রেম দিবসের দিনই আনুষ্ঠানিক ভাবে শুরু হবে তাঁদের দাম্পত্য জীবন।
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি—দু’জনেই টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-তেই প্রথমবার একসঙ্গে কাজ করেন তাঁরা। সেখান থেকেই দর্শকের নজর কাড়ে তাঁদের রসায়ন। কাজের ফাঁকেই গড়ে ওঠে বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়। যদিও প্রকাশ্যে তাঁরা বরাবরই নিজেদের শুধুই ‘ভাল বন্ধু’ বলে এসেছেন।
তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নানা মুহূর্ত দেখে অনুরাগীদের অনেকদিন আগেই বুঝে গিয়েছিল, সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়েছে। এবার সেই জল্পনাতেই মিলতে চলেছে বাস্তবের সিলমোহর। ভালবাসা দিবসেই সাতপাকে বাঁধা পড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।