অনুজয় ও দেবারতির পরিচয়ের শুরু নাটকের মঞ্চে। কাজের সূত্রে আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় এবং অবশেষে বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল তাঁদের সম্পর্ক।

শেষ আপডেট: 1 February 2026 15:39
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির শেষে এসে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। নাট্যকর্মী দেবারতি চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। একেবারে নীরবেই বিয়ের আয়োজন সেরেছেন এই তারকা জুটি। কোনও আভাস না দিয়েই রবিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের সুখবর ভাগ করে নেন অনুজয়।
বিয়ের সকালের একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি একটু বিয়ে করলাম।” ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ধরা দিয়েছেন নবদম্পতি। মুহূর্তের মধ্যেই সেই ছবিতে শুভেচ্ছার জোয়ার আসে টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের তরফে।
অনুজয় ও দেবারতির পরিচয়ের শুরু নাটকের মঞ্চে। কাজের সূত্রে আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় এবং অবশেষে বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল তাঁদের সম্পর্ক।
বর্তমানে টলিউডের পাশাপাশি ওটিটি দুনিয়ায়ও পরিচিত মুখ অনুজয় চট্টোপাধ্যায়। ভিন্নধর্মী চরিত্র বেছে নিয়ে ধারাবাহিকভাবে দর্শকের নজর কাড়তে পেরেছেন তিনি। তাঁর অভিনয় বারবার প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলেও।
হইচইয়ের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘কালরাত্রী’-তে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অনুজয়কে। সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘নিকষছায়া ২’-এও, যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।
বড়পর্দায় সম্প্রতি মুক্তি পাওয়া চন্দ্রাশিস রায় পরিচালিত ছবি ‘বিজয়নগরের হীরে’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুজয়। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় ছিল ছকভাঙা।
সূত্রের খবর, ঘরোয়া পরিবেশেই বিয়ে সেরেছেন অনুজয় ও দেবারতি। বিয়ের আনুষ্ঠানিক মুহূর্তের আরও ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে একান্ত ব্যক্তিগত পরিসরেই নতুন জীবনের সূচনা করেছেন এই দম্পতি, তা তাঁদের ভাগ করা ছবিতেই স্পষ্ট।