নতুন গল্পের জন্ম মানেই দর্শকের মনে নতুন প্রত্যাশা, নতুন আবেগের সঞ্চার। ঠিক তেমনই এক আবেগঘন প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে ছোট পর্দা।

শেষ আপডেট: 8 January 2026 19:34
দ্য ওয়াল ব্যুরো: নতুন গল্পের জন্ম মানেই দর্শকের মনে নতুন প্রত্যাশা, নতুন আবেগের সঞ্চার। ঠিক তেমনই এক আবেগঘন প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে ছোট পর্দা। কিছুদিন আগেই জোর গুঞ্জন উঠেছিল—দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন দীপান্বিতা রক্ষিত। সেই খবর এবার প্রকাশ্যে রূপ পেল। স্টার জলসার আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো, আর তাতেই স্পষ্ট—এই গল্প শুধু প্রেমের নয়, স্বপ্ন আর আত্মত্যাগেরও।
প্রোমোর শুরুতেই চোখে পড়ে শুভ্রজিৎ সাহাকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাহুল—একজন আকর্ষণীয়, আত্মবিশ্বাসী যুবক, যার উপস্থিতিতেই যেন সাড়া ফেলল। জলরাশির বুকে ওয়াটার বাইক ছুটিয়ে সে যেন জীবনের গতিকেই প্রতীকী করে তোলে। মুহূর্তের মধ্যেই দৃশ্য বদলায়, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা রাহুলকে ঘিরে ধরে একঝাঁক অনুরাগী মুখ। আবহে ভেসে আসে কণ্ঠ—‘রাহুল, মেয়েদের ক্রাশ।’ সেলফির হুড়োহুড়ি, উচ্ছ্বাস, চারপাশের মোহ—সবই আছে। অথচ তার চোখ অন্য কোথাও স্থির। তার দৃষ্টি আটকে থাকে একজনের দিকেই—তিতলি।
আবহসংগীতের সঙ্গে-সঙ্গে জানা যায়, তিতলিই রাহুলের ভালবাসা। কিন্তু এই ভালবাসার সঙ্গে জড়িয়ে আছে আরও এক বড় স্বপ্ন—আমেরিকা, ‘ল্যান্ড অফ ড্রিমস’। তিতলির জীবনের লক্ষ্য সেখানে পৌঁছনো, আর সেই স্বপ্নই হয়ে উঠেছে তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা।
ঠিক তখনই পর্দায় আবির্ভাব দীপান্বিতা রক্ষিতের। লাল চুড়িদারে, শান্ত অথচ দৃঢ় এক উপস্থিতি। তাঁর চরিত্রের নাম রাহি। প্রোমোয় রাহির কণ্ঠে শোনা যায় স্পষ্ট সিদ্ধান্ত—পিএইচডি তিনি দেশের মাটিতেই করতে চান। আবহে উঠে আসে আরেকটি পরিচয়—রাহি, যে নিজের দেশকে ভালোবাসে, আর তার থেকেও বেশি ভালোবাসে রাহুলকে। এই ভালোবাসা নিঃশব্দ, সংযত, ত্যাগ।
গল্প তখন আরও গভীরে যায়। একটি দুর্ঘটনায় বল ভেঙে কাচ ঢুকে যায় রাহুলের হাতে। রক্তাক্ত সেই মুহূর্তে দৌড়ে আসে রাহি, নিঃশর্তে, উদ্বেগে ভরা চোখে সে সামলায় রাহুলকে। কিন্তু সেই উদ্বেগকে পাশ কাটিয়ে রাহুল বলে ওঠে, সে ঠিক আছে—আর সঙ্গে সঙ্গেই জানায় তার মনের কথা বলার ইচ্ছে। তিতলিকে সে আজই নিজের অনুভূতির কথা জানাতে চায়।
রাহির কণ্ঠে তখন চাপা যন্ত্রণার প্রশ্ন—বোন যদি না বলে দেয়, তবে কি সে সহ্য করতে পারবে? উত্তরে রাহুলের গলায় শোনা যায় অদ্ভুত দৃঢ়তা, খানিক তাচ্ছিল্য মিশিয়ে—তার মনের জন্য সে সব সহ্য করতে পারবে।
এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত। রাহুল আংটি হাতে তিতলির সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা জানায়। কিন্তু তিতলির উত্তর প্রেমের থেকেও কঠিন বাস্তবের—সে তাকেই বিয়ে করবে, যে তাকে আমেরিকায় নিয়ে যেতে পারবে। মুহূর্তের জন্য ভেঙে পড়ে রাহুল। তবু ভালবাসার কাছে হার মানিয়ে সে বলে ওঠে—তিতলির জন্য সে সবই পারবে।
এই প্রেম, স্বপ্ন আর আত্মত্যাগের টানাপড়েনের মাঝেই প্রকাশ পায় ধারাবাহিকের নাম—‘শুধু তোমারিই জন্য’। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে পুরো গল্পের সারকথা। কে হবে জীবনের শেষ ঠিকানা? স্বপ্নের দেশে উড়াল, না কি দেশের মাটিতে থেকে যাওয়া ভালোবাসা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার প্রতি সন্ধ্যায় দর্শকের মনে ধরা দেবে এক নতুন আবেগের গল্প।