ঠিক কী ঘটেছে? কলকাতার নবীনা সিনেমাহলের সামনে ৩০ ফুটের একটি কাটআউট রাখা ছিল জুটির। তা ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টা চোখে পড়তেই অবাক নায়ক। সেই বিকৃত পোস্টারের ভিডিয়ো করেও শেয়ার করলেন অভিনেতা।
.jpg.webp)
শেষ আপডেট: 8 January 2026 19:02
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ছবির মুক্তি। অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ ঘিরে দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শেষবেলার প্রচারে ব্যস্ত জুটি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এ কোন ছবি এল সামনে? মুক্তির আগেই অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত ছবি ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই সবটা সামনে আনলেন অঙ্কুশ হাজরা। ঠিক কী ঘটেছে? কলকাতার নবীনা সিনেমাহলের সামনে ৩০ ফুটের একটি কাটআউট রাখা ছিল জুটির। তা ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টা চোখে পড়তেই অবাক নায়ক। সেই বিকৃত পোস্টারের ভিডিয়ো করেও শেয়ার করলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে লিখলেন, “মানুষ মানুষের ক্ষতি করে কী আনন্দ পায়, কে জানে। নারী চরিত্র বেজায় জটিল-এর ৩০ ফুটের কাটআউট এইভাবে নষ্ট করে দেওয়া হল নবীনা হলের সামনে। ভাবলে অবাক লাগে, কোন জগতে আমরা বসবাস করছি।”
অঙ্কুশের এই পোস্টের পরই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। অনেকেই এই ভাঙচুরের তীব্রনিন্দা করেছেন এবং সিনেমার প্রচার সামগ্রী নষ্ট করায় ঘোর প্রতিবাদ জানিয়েছেন। ছবি মুক্তির আগে এই ঘটনা একগুচ্ছে প্রশ্নকে আরও একবার উস্কে দিয়েছে। কলকাতার বুকে বাংলা ছবির পোস্টার নিয়ে কে বা কারা এমন আচরণ করল, উঠছে সে প্রশ্নও। তবে নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহল কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত,২০২৫ থেকেই এই ছবি নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। অ্যাকশন নয় ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। সেই উত্তমকুমারের শেষ ছবি 'ওগো বধূ সুন্দরী' তে ছিল কিশোর কুমারের বিখ্যাত গান 'নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা'। সেই গানের লাইন থেকেই অঙ্কুশের এই ছবির নাম ভাবা হয়েছে। ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে (অঙ্কুশের চরিত্র) ঘিরে। ঝন্টু চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।
আর অঙ্কুশের চারপাশে আছেন দাপুটে নারীরা। এই ছবির নায়িকা ঐন্দ্রিলা। বাকি নারী চরিত্রে আছেন সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা।