সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে 'চ্যালেঞ্জ' সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' হেসে ওঠেন সকলে।

'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী
শেষ আপডেট: 4 August 2025 21:27
দ্য ওয়াল ব্যুরো: এক দশক পর বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি (Dev-Shubhashree)। মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। সোমবার কলকাতার নজরুল মঞ্চে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জমজমাট উপস্থিতি ছিল দুই তারকার। ফের একবার জনপ্রিয় জুটিকে এক ফ্রেমে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। অনুষ্ঠানে হাসি-ঠাট্টা, মজা-মশকরা, আর পুরনো দিনের স্মৃতিচারণ- সব মিলিয়ে জমে উঠেছিল পরিবেশ। দেব ও শুভশ্রী দু’জনেই খোশমেজাজে ছিলেন। ছবির ট্রেলার ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
প্রশ্ন পর্ব শুরু হওয়ার আগে 'ধূমকেতু' নিয়ে কিছু কথা বলেন দেব। "আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে 'ধূমকেতু' তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এই দশ বছরে আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালবাসি।" এই কথা বলে সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেতা।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে। মঞ্চে দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে 'চ্যালেঞ্জ' সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, 'কেন?' এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, 'এমনি'। এরপরই একে অপরের দিকে 'বন্ধুত্বের হাত' বাড়িয়ে দেন দুজনে।
ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী (Dev-Shubhashree)। দেব বলে ওঠেন, 'ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি', তখনই শুভশ্রী প্রশ্ন করেন, 'ব্লকটা কে করল?' এরপরই দু'জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করলেন দেব-শুভশ্রী।