শুটিং করেও বাদ দীপিকা, ‘কল্কি’-র সিক্যুয়েলে নতুন মুখ?

কল্কি সিক্যুয়েল
শেষ আপডেট: 29 January 2026 12:25
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালটা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) কেরিয়ারে বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই কেটেছে। বছরের শুরুতেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি থেকে বাদ পড়েন তিনি। তার পরেই আট ঘণ্টার শিফটে শুটিং করার শর্তে কাজ করার বিষয়টি সামনে আসতেই বিতর্কে জড়ায় ‘কল্কি’-র সিক্যুয়েল (Kalki sequel)। শেষ পর্যন্ত সেই ছবির দ্বিতীয় পর্ব থেকেও সরিয়ে দেওয়া হয় দীপিকাকে। সেই সময় তাঁর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। এখানেই থামেনি বিতর্ক, ওটিটি প্ল্যাটফর্মে ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পাওয়ার পর ছবির কাস্ট তালিকা থেকে দীপিকার নাম বাদ যাওয়ায় অনুরাগীদের ক্ষোভ আরও বেড়ে যায়।
দীপিকাকে সরানোর পর ‘কল্কি’-র সিক্যুয়েলে ওই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর মিলেছে। সূত্রের খবর, দীপিকার জায়গায় সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন সাই পল্লবী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী বা নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
উল্লেখযোগ্য বিষয় হল, ‘কল্কি’-র সিক্যুয়েলের জন্য প্রথম পছন্দ ছিলেন দীপিকাই। সেই অনুযায়ী শুটিংও শুরু করেছিলেন তিনি এবং প্রায় কুড়ি দিনের কাজও সেরে ফেলেন। তবে এরপর পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মতানৈক্য তৈরি হয়। সেই জটিলতার পরেই নির্মাতারা জানিয়ে দেন, ছবিতে আর থাকছেন না দীপিকা। যেহেতু তিনি আগেই ছবির বেশ কিছু অংশের শুটিং করেছিলেন, তাই সাই পল্লবীকে কীভাবে গল্পে আনা হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কানাঘুষো অনুযায়ী, সিক্যুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত হিসেবে দেখানো হতে পারে।
একাধিক ছবি থেকে বাদ পড়লেও পরিস্থিতি সামলাতে দেখা গিয়েছে দীপিকাকে। এই সময় তিনি মাতৃত্বের যাত্রাকে উপভোগ করছেন এবং সন্তানকে সময় দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন। ‘কল্কি’-র সিক্যুয়েল থেকে বাদ পড়ার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, “এই ধরনের শর্ত আমি এই প্রথম দিচ্ছি, এমন নয়। আগেও এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি সব সময় নিজের লড়াই নিজেই লড়তে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম হবে না।”